পুরনো ভোটার কার্ডেই ভোট, বিভ্রান্তি কাটাতে কমিশনের স্পষ্ট বার্তা
অবশেষে সেই সংশয় দূর হল
Truth of Bengal: বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার পর পুরনো ভোটার কার্ড বাতিল হয়ে যাওয়ায় অনেকেরই আশঙ্কা ছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না। অবশেষে সেই সংশয় দূর হল।
কমিশন সূত্রে খবর, এই মুহূর্তে নতুন করে ভোটার কার্ড ইস্যু করার কোনও পরিকল্পনা নেই। বরং যাঁদের নাম চূড়ান্ত ও অতিরিক্ত ভোটার তালিকায় রয়েছে, তাঁরা পুরনো ভোটার কার্ড দিয়েই ভোট দিতে পারবেন। গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে অতিরিক্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। এই দুই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের নতুন কার্ডের প্রয়োজন হবে না বলেই জানানো হয়েছে।
তবে যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। অভিযোগ বা আপত্তি জানিয়ে ট্রাইব্যুনালে নিজেদের বৈধতা প্রমাণ করতে পারলে তাঁদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। সে ক্ষেত্রে নতুন ভোটার কার্ড ইস্যু করা হবে কি না, তা এখনও বিবেচনাধীন বলে জানা গিয়েছে।অন্যদিকে, নতুন ভোটারদের জন্য স্বাভাবিক নিয়মেই নতুন ভোটার কার্ড দেওয়া হবে। প্রতি নির্বাচনের মতো এবারও বহু নতুন আবেদন জমা পড়েছে, এবং সেই প্রক্রিয়া চলবে নিয়ম মেনেই।কমিশনের এক আধিকারিকের কথায়, “যাঁদের নাম বৈধ তালিকায় রয়েছে, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তবে পুরনো ভোটার কার্ড ফেলে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”






