রাজ্যের খবর

রামনবমীতে ভক্তি, না কি বার্তা? নিজের বাড়িতে গৌতম দেবের রামপুজো ঘিরে জোর চর্চা!

Truth of Bengal: রামনবমীর পুণ্যতিথিতে নিজের বাড়িতেই ভগবান রামের পুজো করলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। এদিন সকাল থেকেই তাঁর বাড়ির মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তিভরে রামচন্দ্রের আরাধনা করেন তিনি। শুধু পুজোতেই সীমাবদ্ধ থাকেননি, পুজোর পর ভক্তিমূলক পরিবেশে ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গানটিও গাইতে শোনা যায় তাঁকে, যা উপস্থিতদের মধ্যে এক বিশেষ আবেগের সৃষ্টি করে।

এরপর তিনি শহরের ঐতিহ্যবাহী হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন। সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন। তবে ধর্মীয় আবহের মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে ভোলেননি গৌতম দেব।

তিনি বলেন, “আমি কখনও ধর্মকে সামনে রেখে রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না। ধর্ম আমার ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। মানুষের উন্নয়ন, সামাজিক অগ্রগতি- এই নিয়েই আমি রাজনীতি করি।”

নিজের শৈশবের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে নিয়মিত গীতা পাঠ হতো। বাবা ছিলেন অত্যন্ত আধ্যাত্মিক মানুষ। তাঁর আদর্শেই আমি বড় হয়েছি। তাই ধর্ম আমার জীবনের অংশ, কিন্তু রাজনীতির হাতিয়ার নয়।”

এদিন তিনি শিলিগুড়ির সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বার্তাও দেন। তাঁর কথায়, “শিলিগুড়ি সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষের মিলনক্ষেত্র। এখানে বিভাজনের কোনও জায়গা নেই। আমি কোনওভাবেই এই শহরকে ভাঙনের পথে যেতে দেব না।”

রাজনৈতিক মহলে গৌতম দেবের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। কেউ বলছেন এটি নিছক ব্যক্তিগত ধর্মীয় আচরণ, আবার কেউ দেখছেন এর মধ্যে লুকিয়ে থাকা বড় রাজনৈতিক বার্তা। ভোটের আগে এই ধরনের পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Related Articles