রাজ্যের খবর

নির্বাচনী তৎপরতায় গাফিলতি, নগদ অর্থ উদ্ধারে কয়েকটি জেলার ভূমিকায় ক্ষুব্ধ কমিশন

ভোট দান বা নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে কোনওরকম নিয়মভঙ্গ বরদাস্ত করা হবে না

Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও স্বচ্ছ করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের আগে বেআইনি নগদ অর্থ উদ্ধারের ক্ষেত্রে রাজ্যের কয়েকটি জেলার ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কমিশন। শুক্রবার সকাল ১০টা থেকে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে পর্যবেক্ষক বা অবজারভারদের সঙ্গে আলোচনা চলাকালীন এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং বিশেষ পর্যবেক্ষক-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

কমিশন সূত্রে খবর, নির্দিষ্ট কিছু জেলায় প্রয়োজনীয় অভিযান চালিয়ে নগদ অর্থ উদ্ধারের ক্ষেত্রে কাঙ্ক্ষিত তৎপরতা দেখা যাচ্ছে না। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করে সংশ্লিষ্ট জেলার অবজারভারদের কড়া বার্তা দিয়েছে কমিশন। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী দিনগুলোতে আরও সক্রিয় হয়ে নিয়মিত তল্লাশি ও বিশেষ অভিযান চালাতে হবে যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কালো টাকার প্রভাব রোখা যায়। পর্যাপ্ত পরিমাণে নগদ উদ্ধার নিশ্চিত করার পাশাপাশি বেআইনি লেনদেনের ওপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতেও কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যে, এলাকার পুরনো দাগি আসামি এবং যাদের বিরুদ্ধে অতীতে অপরাধমূলক অভিযোগ রয়েছে, তাদের গতিবিধির ওপর নজরদারি বাড়াতে হবে। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী কী প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়মিতভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক অবজারভারকে তাদের প্রতিদিনের পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ পরামর্শগুলো বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই কড়া অবস্থান থেকে পরিষ্কার যে, ভোট দান বা নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে কোনওরকম নিয়মভঙ্গ বা ঢিলেমি বরদাস্ত করা হবে না।

Related Articles