নতুন ভোটারদের উৎসাহে বালুরঘাটে প্রশাসনের সাইকেল র্যালি
ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: নতুন প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সেই লক্ষ্যেই শুক্রবার সকালে বালুরঘাট শহরে আয়োজিত হল একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রশাসনিক আধিকারিক, কর্মী ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি এবং জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল। তাঁদের পাশাপাশি প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও সাইকেলে চেপে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। র্যালির মূল উদ্দেশ্য ছিল নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করা এবং গণতন্ত্রের প্রতি তাঁদের দায়বদ্ধতা বাড়ানো।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই নতুন ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কখনও সচেতনতামূলক শিবির, কখনও বা শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি আলোচনা—এই সব উদ্যোগের মাধ্যমেই তরুণ প্রজন্মকে ভোটদানের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতায় এবছর সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
এই প্রসঙ্গে জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি জানান, ভোটের সময় এলেই নতুন ভোটারদের অংশগ্রহণ বাড়ানো প্রশাসনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, “এস আই আর প্রক্রিয়া চলাকালীন আমরা বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেছি তাদের ভোটার হিসেবে নাম নথিভুক্ত করা এবং ভোটদানে উৎসাহিত করার চেষ্টা করেছি। আজকের এই সাইকেল র্যালিও সেই প্রচেষ্টারই অংশ।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে নতুন ভোটাররা সচেতনভাবে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।






