ধর্মান্তরিত হলে মিলবে না তফসিলি জাতির স্বীকৃতি, রায় সুপ্রিম কোর্টের
অভিযোগ, এক ব্যক্তি, যিনি আগে তফসিলি জাতিভুক্ত ছিলেন, পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন।
Truth Of Bengal: তফসিলি জাতিভুক্ত হওয়ার ক্ষেত্রে ধর্মের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র হিন্দু, শিখ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরাই তফসিলি জাতিভুক্ত হওয়ার দাবি করতে পারবেন। অন্য কোনও ধর্মে ধর্মান্তরিত হলে সেই স্বীকৃতি আর বহাল থাকবে না। বিচারপতি পি কে মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জরিয়ার বেঞ্চ এই রায় দেয়। আদালত জানায়, কেউ যদি হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হন, তবে তিনি আর তফসিলি জাতিভুক্ত হিসেবে গণ্য হবেন না এবং সংশ্লিষ্ট আইনি সুরক্ষাও পাবেন না।
অন্ধ্রপ্রদেশের একটি মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে। অভিযোগ, এক ব্যক্তি, যিনি আগে তফসিলি জাতিভুক্ত ছিলেন, পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এরপর তাঁর উপর হামলার ঘটনায় তফসিলি জাতি ও জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের আওতায় এফআইআর দায়ের করা হয়। অভিযুক্তদের দাবি ছিল, ওই ব্যক্তি ধর্মান্তরিত হওয়ায় আর তফসিলি জাতিভুক্ত নন, ফলে ওই আইনের প্রয়োগও প্রযোজ্য নয়।
প্রথমে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে এই মামলার শুনানি হয়। হাইকোর্ট জানায়, খ্রিস্টান ধর্মে বর্ণপ্রথার ধারণা নেই, ফলে তফসিলি জাতি বা জনজাতি সংক্রান্ত আইনের প্রয়োগ সেখানে প্রযোজ্য নয়। সেই ভিত্তিতে এফআইআর খারিজের নির্দেশ দেয় হাই কোর্ট। পরবর্তীতে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মামলাকারী। তবে শীর্ষ আদালতও হাই কোর্টের সিদ্ধান্ত বহাল রাখে এবং জানিয়ে দেয়, ধর্মান্তরিত হলে তফসিলি জাতিভুক্ত হওয়ার স্বীকৃতি আর বহাল থাকে না। আইনজ্ঞ মহলের মতে, এই রায় তফসিলি জাতির সংজ্ঞা ও আইনি সুরক্ষা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে গুরুত্বপূর্ণ দিশা দেখাল।






