বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়া তৃণমূল ভবনে প্রস্তুতি সভা
এই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া লোকসভা জেলা চেয়ারপার্সন অলকা সেন মজুমদার এবং জেলা সভাপতি তারশঙ্কর রায়।
Truth Of Bengal: আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক তৎপরতা তুঙ্গে তুলল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার বাঁকুড়া তৃণমূল ভবনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ড. অনুপ মণ্ডলের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া লোকসভা জেলা চেয়ারপার্সন অলকা সেন মজুমদার এবং জেলা সভাপতি তারশঙ্কর রায়। এছাড়াও বাঁকুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিরা এই প্রস্তুতি সভায় শামিল হয়ে আগামী লড়াইয়ের রূপরেখা নিয়ে আলোচনা করেন।

সভার মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনের রণকৌশল স্থির করা এবং বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করা। অনুষ্ঠানে রাজ্য তৃণমূল সম্পাদক আশিস চক্রবর্তী এবং সাংসদ অরূপ চক্রবর্তীসহ জেলা নেতৃত্ব দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। প্রার্থীদের জয় নিশ্চিত করতে কীভাবে মানুষের দুয়ারে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া হবে এবং বিরোধীদের মোকাবিলা করা হবে, সেই বিষয়ে কর্মীদের বিশেষ দিশা দেখান তাঁরা। নির্বাচনের আগে এই ঘরোয়া প্রস্তুতি সভা ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।






