কলকাতা

১৪৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির, নন্দীগ্রাম ও ভবানীপুরে লড়ছেন শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে দু’টি কেন্দ্র— নন্দীগ্রাম এবং ভবানীপুর—থেকে প্রার্থী করা হয়েছে।

Truth of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।প্রকাশিত তালিকায় একাধিক গুরুত্বপূর্ণ আসনে চমকপ্রদ প্রার্থী দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে দু’টি কেন্দ্র— নন্দীগ্রাম এবং ভবানীপুর—থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি আরও এক বার লড়ছেন কেন্দ্র থেকে।

মেদিনীপুরের ভূমিপুত্র তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফের একবার খড়্গপুর সদর কেন্দ্র থেকেই নির্বাচনী ময়দানে নামানো হয়েছে। দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ রাসবিহারী কেন্দ্রে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত। এবারের তালিকায় বিনোদন ও রাজনীতির সংমিশ্রণও চোখে পড়ার মতো। হাওড়ার শিবপুর কেন্দ্রে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন সজল ঘোষ। বর্তমান বিধায়কদের সিংহভাগকেই তাঁদের পুরনো কেন্দ্রে প্রার্থী করে দল যে তাঁদের কাজের ওপর আস্থা রেখেছে, সেই বার্তাই স্পষ্ট হয়েছে এই তালিকায়।

বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে ফের একবার প্রার্থী হয়েছেন চন্দনা বাউড়ি। আসানসোল দক্ষিণে লড়াই করবেন অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গের ক্ষেত্রেও গতবারের জয়ী মুখদের ওপর ভরসা রেখেছে গেরুয়া শিবির। শিলিগুড়ি কেন্দ্রে বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়িতে শিখা চট্টোপাধ্যায় এবং তুফানগঞ্জে মালতী রাভা রায়ের নাম ঘোষণা করা হয়েছে। অর্জুন-পুত্র পবন সিংহকেও ফের ভাটপাড়া থেকেই টিকিট দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য আসনেও বর্তমান বিধায়কদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। কোচবিহার উত্তর থেকে সুকুমার রায়, কুমারগ্রাম থেকে মনোজ ওঁরাও, কালচিনিতে বিশাল লামা এবং ফালাকাটায় দীপক বর্মণকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও আনন্দময় বর্মণ, দুর্গা মুর্মু, বুধরাই টুডু এবং সত্যেন্দ্রনাথ রায়ের মতো জয়ী বিধায়করা নিজেদের কেন্দ্র থেকেই লড়বেন।

তবে এই তালিকায় বড় চমক বালুরঘাট আসনটি নিয়ে। বর্তমান বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে এবার আর ওই কেন্দ্র থেকে প্রার্থী করেনি বিজেপি। তাঁর পরিবর্তে বালুরঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিদ্যুৎ রায়। এছাড়া মালদহের হবিবপুর ও গাজোলে যথাক্রমে জুয়েল মুর্মু ও চিন্ময় দেববর্মণকে প্রার্থী করা হয়েছে।

Related Articles