ইরান থেকে বিশেষ বিমানে দিল্লি পৌঁছলেন আটকে পড়া ৭০ ভারতীয়
সেই বাসে করেই তাঁদের শ্রীনগরের উদ্দেশে পাঠানো হয়েছে, যাতে তাঁরা দ্রুত নিজেদের পরিবারের কাছে ফিরতে পারেন
Truth of Bengal: ইরানে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্যোগের অংশ হিসাবেই রবিবার প্রথম দফায় প্রায় ৭০ জন ভারতীয়কে বিশেষ বিমানে আর্মেনিয়া হয়ে নিরাপদে নয়াদিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় পড়ুয়া। জানা গিয়েছে, এই পড়ুয়াদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে ‘ফ্লাই দুবাই’-এর বিশেষ বিমানে তাঁদের প্রথমে দুবাই এবং সেখান থেকে দিল্লিতে আনা হয়। দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রার পর রবিবার তাঁরা দিল্লিতে পৌঁছন। দিল্লিতে পৌঁছনোর পর জম্মু ও কাশ্মীর সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়। সেই বাসে করেই তাঁদের শ্রীনগরের উদ্দেশে পাঠানো হয়েছে, যাতে তাঁরা দ্রুত নিজেদের পরিবারের কাছে ফিরতে পারেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এটি উদ্ধার অভিযানের প্রথম ধাপ মাত্র। খুব শিগগিরই আরও প্রায় ৬০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে দ্বিতীয় একটি বিশেষ বিমান দিল্লিতে পৌঁছনোর কথা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে আরও বেশ কয়েকটি বিমানে ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় দূতাবাস যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার আগে ইরানে প্রায় ৯ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া ছাত্র-ছাত্রী। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি উত্তরপ্রদেশ এবং দেশের অন্যান্য রাজ্যের ছাত্র-ছাত্রীরাও সেখানে পড়াশোনা করছিলেন। বিশেষ করে ইরানের রাজধানী তেহরান এবং সেখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত কোম শহরে সবচেয়ে বেশি ভারতীয় পড়ুয়া থাকেন।
ফিরে আসা পড়ুয়াদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সি তরুণী নইনা তঈবা, যিনি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা। তিনি ইরানের উর্মিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন। যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁকে এবং অন্য পড়ুয়াদের দীর্ঘ ও কঠিন পথ পেরিয়ে দেশে ফিরতে হয়েছে। প্রথমে বাসে করে তাঁদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইরান-আর্মেনিয়া সীমান্তে নিয়ে যাওয়া হয়। এরপর সীমান্ত পার করে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান পৌঁছে বিমানে তোলা হয় তাঁদের। উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে সেখানে কোনও বিমান ওঠানামা করতে পারছে না। এই পরিস্থিতিতে বিকল্প স্থলপথ ব্যবহার করেই আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইরানে থাকা প্রত্যেক ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।




