কলকাতারাজ্যের খবর

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে ‘অশালীন’ শব্দ! মধ্যশিক্ষা পর্ষদের ‘সাহিত্যমেলা’ বই ঘিরে ক্ষুব্ধ অভিভাবকরা

ওই গল্পে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা কিশোর বয়সের পড়ুয়াদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে

Truth of Bengal: অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবই ‘সাহিত্যমেলা’ নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এই বইয়ের একটি গল্পে অশালীন ও কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন অভিভাবকদের একাংশ। বিতর্কের কেন্দ্রে রয়েছে প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর কালজয়ী গল্প ‘আদাব’। অভিযোগ, ওই গল্পে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা কিশোর বয়সের পড়ুয়াদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিভাবকদের দাবি, গল্পের সংলাপে ‘ঢ্যামনামো’ এবং ‘কুত্তার বাচ্চা’-র মতো শব্দের প্রয়োগ রয়েছে, যা মূলত সমাজে গালিগালাজ হিসেবেই পরিচিত। গোপাল দাস নামে এক অভিভাবকের মতে, অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের পাঠ্যবইতে এই ধরনের শব্দের উপস্থিতি কাম্য নয়। এই কুরুচিকর শব্দ সংবলিত বইটি দ্রুত বাতিল করে নতুন পরিমার্জিত বই ছাপিয়ে পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে শোরগোল পড়ে গিয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিকরাও। সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী জানান, সমরেশ বসু তাঁর লেখনীর মাধ্যমে সাহিত্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন ঠিকই, কিন্তু সেই ভাষা অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য কতটা উপযোগী তা ভেবে দেখা প্রয়োজন। অন্যদিকে, শিক্ষাবিদ পবিত্র সরকার মনে করেন, পাঠ্যপুস্তকে সরাসরি গালিগালাজ থাকা উচিত নয়। তবে যদি সেই রচনাটি শিক্ষার্থীদের জীবনবোধ বা মূল্যবোধ বৃদ্ধিতে সহায়ক হয়, তবে বিষয়টি অন্যভাবে বিচার করা যেতে পারে।

Related Articles