কুলিয়ায় দুঃসাহসিক ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট লক্ষাধিক টাকা সহ গয়না
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলিয়া গ্রামের বাসিন্দা কেষ্টপদ মণ্ডলের বাড়িতে রাতে দোতলার ছাদের দিকের সিঁড়িঘরের দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে একদল ডাকাত।
Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত কুলিয়া গ্রামে দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা, সোনা-রুপোর গয়না-সহ লক্ষাধিক টাকার সামগ্রী লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলিয়া গ্রামের বাসিন্দা কেষ্টপদ মণ্ডলের বাড়িতে রাতে দোতলার ছাদের দিকের সিঁড়িঘরের দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে একদল ডাকাত। প্রথমে তারা কেষ্টপদবাবুর ছেলে ও বৌমার ঘরে যায়। সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের ভয় দেখিয়ে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে।
এরপর ডাকাতদল নীচতলায় কেষ্টপদ মণ্ডল ও তাঁর স্ত্রীর ঘরে ঢোকে। অভিযোগ, আলমারির দরজা ভেঙে প্রায় ৬০ হাজার টাকা নগদ এবং সোনা-রুপোর গয়না নিয়ে যায় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাদুড়িয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে।এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।






