রাজনীতিরাজ্যের খবর

পরিযায়ী শ্রমিকের মৃত্যুতেও ‘বাংলাদেশী তত্ত্ব’! মমতাকে কটাক্ষ করে কী বললেন দিলীপ ঘোষ?

এই একই অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল ও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Truth Of Bengal: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন হয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক। অভিযোগ উঠেছে, বাংলা ভাষায় কথা বলাতেই রাজ্যের পিছিয়ে পড়া কুড়মি জনজাতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুণেতে। বুধবার দুপুরে পুণের শিকারপুর থানার কোরেগাঁ ভিমা এলাকা থেকে ওই কুড়মি যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে মহারাষ্ট্র পুলিশ। এই একই অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল ও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথা দিলীপ ঘোষ বলেন, “বাংলা বলার জন্য খুন হয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর পার্টি কীভাবে জানল? কী বলেছে, কী করেছে জানা আছে?” শুধু তাই নয় এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি “বাংলাদেশী আর বাঙালিকে এক না” করার কথা বলেছেন।

এই নৃশংস ঘটনায় তিনি বাংলাদেশী ‘তত্ত্ব’ তুলে ধরে বলেন, “আজ ৫০ লক্ষ লোক বাংলার বাইরে আছে। তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশী বাংলা হয়ে চলে গিয়েছে…। এখানে আধার কার্ড, রেশন কার্ড… আর এনারা তাঁকে বাঙালি সাজাচ্ছেন, তাঁরা আসলে বাংলাদেশী। এই বাংলাদেশী আর বাঙালি এক যেন না করেন। এবং এই বাংলাদেশীরা সারা ভারতবর্ষে দেশ বিরোধী গতিবিধি করছে। যেহেতু বাংলা ভাষা বলে…, তার ওপর কিছু করলেই বাঙালি হয়ে যাচ্ছে।”

পরিযায়ী শ্রমিক খুনের ঘটনয় তিনি আরও বলেন, “পুরো বিষয় খোঁজ খবর নেওয়া উচিত। যেই হোক কোনও মানুষকে খুন করার অধিকার কারোর নেই। তার ব্যবস্থা নিশ্চয় ওখানকার সরকার নেবে।”

Related Articles