সরকারি সুযোগ থেকে কেন বঞ্চিত? এসটি সার্টিফিকেটের দাবিতে আন্দোলনে দক্ষিণ দিনাজপুরের বেদিয়া সমাজ
এর ফলে শিক্ষা, সরকারি সুযোগ-সুবিধা এবং বিভিন্ন জনমুখী প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: তপশিলি উপজাতিভুক্ত বেদিয়া সম্প্রদায়ের ফার্স্ট জেনারেশন এস টি সার্টিফিকেট পাওয়ার দাবিতে রবিবার জেলা সম্মেলনের আয়োজন করল বেদিয়া সামাজিক সমিতি। গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের করিম গুটিন এলাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে শতাধিক বেদিয়া সমাজের মানুষ অংশ নেন।সম্মেলনে উপস্থিত ছিলেন আদিবাসী বিকাশ পরিষদের দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক অশোক কৃষ্ণ কুজুর সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। জানা গেছে, সরকারি ভাবে তপশিলি উপজাতিভুক্ত হওয়া সত্ত্বেও জেলার বহু বেদিয়া পরিবারের সদস্য এখনও পর্যন্ত এস টি সার্টিফিকেট পাননি। এর ফলে শিক্ষা, সরকারি সুযোগ-সুবিধা এবং বিভিন্ন জনমুখী প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে জেলা জুড়ে একটি সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে বেদিয়া সামাজিক সমিতি। সেই সার্ভের ভিত্তিতে দাবিপত্র প্রস্তুত করে মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।রবিবারের এই বৈঠক মূলত সেই সার্ভের প্রস্তুতি এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েই অনুষ্ঠিত হয়। বেদিয়া সামাজিক সমিতির সভাপতি গণেশ মাহাতো বলেন, বেদিয়া সমাজের বহু মানুষ এখনও এস টি সার্টিফিকেট না পাওয়ায় নানা সমস্যার মুখে পড়ছেন। ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত সুযোগ পাচ্ছে না, অনেক মহিলাই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প থেকেও বঞ্চিত হচ্ছেন। সেই কারণেই জেলা জুড়ে সার্ভে করে প্রশাসনের কাছে যুক্তিসংগত দাবি তুলে ধরা হবে।
অন্যদিকে আদিবাসী বিকাশ পরিষদের জেলা সাধারণ সম্পাদক অশোক কৃষ্ণ কুজুর জানান, বেদিয়া সমাজের দাবিগুলি সম্পূর্ণ ন্যায্য। এস টি সার্টিফিকেট না থাকার কারণে যে সামাজিক ও আর্থিক সমস্যার সৃষ্টি হচ্ছে, তা প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত। বেদিয়া সমাজের এই আন্দোলনের পাশে আদিবাসী বিকাশ পরিষদ থাকবে বলেও তিনি আশ্বাস দেন।





