রাজ্যের খবর

শ্রীরামপুরের ভৌত পরিকাঠামোয় জোয়ার: পথশ্রী ও পাড়া সমাধান প্রকল্পে বরাদ্দ ৫০ কোটি টাকা

এ পর্যন্ত এই প্রকল্পে প্রায় ১৫ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: হুগলির ঐতিহাসিক শহর শ্রীরামপুর পুর এলাকায় রাজ্য সরকারের পথশ্রী–৪ প্রকল্পে প্রায় ১০০ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ৩৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আমার পাড়া আমার সমাধান প্রকল্পে আরও ১৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে শহরের রাস্তাঘাট উন্নয়নের জন্য।

শনিবার শ্রীরামপুর পুর ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পুরপ্রধান গিরিধারি সাহা এবং পূর্ত দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং। তাঁরা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী–৪ প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। এর মধ্যে শ্রীরামপুর শহরের জন্য বরাদ্দ হয়েছে ১০০ কিলোমিটার রাস্তা।

তাঁরা আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে নগর থেকে গ্রামাঞ্চলের মানুষ উপকৃত হচ্ছেন। ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পে এলাকার বাসিন্দারাই তাঁদের পাড়ার উন্নয়নের পরিকল্পনা নির্ধারণ করছেন। ইতিমধ্যে শ্রীরামপুর শহরের জন্য নির্ধারিত ৭৪০টি স্কিমের মধ্যে ৬৫৪টির ওয়ার্ক অর্ডার জারি হয়েছে এবং ১৮৬টি কাজ সম্পূর্ণ হয়েছে। এ পর্যন্ত এই প্রকল্পে প্রায় ১৫ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, শনিবার থেকেই শ্রীরামপুর শহরে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে তা চলবে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়টি মাথায় রেখে কাজ পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এদিন পুরপ্রধান গিরিধারি সাহা আরও জানান, শ্রীরামপুরের মাহেশ এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সেখানে একটি নতুন অডিটোরিয়ামের উদ্বোধন রবিবার অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-পুরপ্রধান উত্তম নাগ, সিআইসি গৌর মোহন দে, পিন্টু নাগ, তিয়াসা মুখার্জি সহ অন্যান্য পুর সদস্যরা।

Related Articles