দেশ

১০০ দিনের কাজে বড় ধাক্কা! কেন্দ্রের নতুন বিলের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ তামিলনাড়ুর

এই আবহে শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় বিলটির বিরোধিতায় একটি প্রস্তাব পাশ করা হল।

Truth of Bengal: কেন্দ্রীয় সরকারের নতুন গ্রামীণ কর্মসংস্থান নীতি তথা ‘ভিবি-জিরামজি’ (VB-G RAM G) বিল ঘিরে জাতীয় রাজনীতিতে উত্তাপ বাড়ছে। এই আবহে শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় বিলটির বিরোধিতায় একটি প্রস্তাব পাশ করা হল। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের উপস্থিতিতে ডিএমকে সরকার এই বিলের কড়া সমালোচনা করে জানিয়েছে, এই নতুন আইন দরিদ্র মানুষের কাজের অধিকার হরণ করবে।

২০০৫ সালে চালু হওয়া মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ আইন বা মনরেগা (MGNREGA)-কে সরিয়ে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল তথা ভিবি-জিরামজি বিলটি গত শীতকালীন অধিবেশনে সংসদে পাশ হয়েছে। তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া প্রস্তাবে দাবি করা হয়েছে, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর নাম সরানো যাবে না। স্ট্যালিন অভিযোগ করেছেন, এই বিলটি বাস্তব চাহিদার ওপর ভিত্তি করে নয়, বরং কেন্দ্রীয় সরকারের মর্জির ওপর ভিত্তি করে তৈরি।

এই নতুন বিল নিয়ে বিরোধীদের আপত্তির অন্যতম বড় কারণ হলো আর্থিক কাঠামোর পরিবর্তন। আগে মনরেগা প্রকল্পের পুরো অর্থ কেন্দ্রীয় সরকার দিলেও, রামজি প্রকল্পে ব্যয়ের ৪০ শতাংশ টাকা রাজ্যগুলিকে বহন করতে হবে। তামিলনাড়ু সরকারের মতে, এর ফলে রাজ্যের কোষাগারের ওপর ব্যাপক চাপ পড়বে এবং গ্রামীণ মানুষের জীবিকা সংকটে পড়বে। এছাড়া মনরেগা ছিল চাহিদার ভিত্তিতে কাজের অধিকার, কিন্তু নতুন বিলে বাজেটের মাধ্যমে বরাদ্দের সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিরোধীদের আশঙ্কা, বরাদ্দ অর্থ ফুরিয়ে গেলে মানুষ আর কাজ পাবেন না।

প্রস্তাবটি পেশ করার সময় স্ট্যালিন জোর দিয়ে বলেন, গ্রামীণ নাগরিকদের কাজের অধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না। প্রতিটি রাজ্যের কর্মক্ষমতার ওপর ভিত্তি করে পর্যাপ্ত তহবিল বরাদ্দেরও দাবি তোলেন তিনি। তবে বিধানসভায় এই প্রস্তাব পাশ হওয়ার পরেই পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। তামিলনাড়ু বিজেপি সভাপতি কে আন্নামালাই বলেন, ডিএমকে সরকার নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়ে এখন কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে রাজনীতি করছে।

Related Articles