চিৎপুরের অপহৃতা নাবালিকা উদ্ধার! চণ্ডীগড় থেকে ফেরার পথে হাওড়া স্টেশনে পাকড়াও প্রেমিক
ধৃত যুবকের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণ করে ভিন রাজ্যে নিয়ে গিয়ে আটকে রাখা এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
Truth of Bengal: উত্তর কলকাতার চিৎপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে শেষ পর্যন্ত উদ্ধার করল পুলিশ। অপহৃত কিশোরীকে চণ্ডীগড় থেকে কলকাতায় ফিরিয়ে আনার পথেই হাওড়া স্টেশন থেকে অভিযুক্ত যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবকের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণ করে ভিন রাজ্যে নিয়ে গিয়ে আটকে রাখা এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন আগে চিৎপুর থানা এলাকার ওই নাবালিকা হঠাৎই উধাও হয়ে যায়। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে চিৎপুর থানার পুলিশ। তদন্তের প্রাথমিক স্তরেই উঠে আসে পাড়ার এক যুবকের নাম। জানা যায়, ওই তরুণই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করেছে।
তদন্তকারীরা প্রযুক্তির সাহায্য নিয়ে এবং নিজস্ব সোর্স মারফত জানতে পারেন যে, অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে নিয়ে পাঞ্জাবের চণ্ডীগড়ে গা ঢাকা দিয়েছে। সেখানে একটি গোপন ডেরায় কিশোরীকে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন চালানো হয়েছে বলেও পুলিশের প্রাথমিক অনুমান। এরপরই তদন্তকারী দলের একটি সদস্য চণ্ডীগড় যাওয়ার প্রস্তুতি শুরু করেন। ঠিক সেই সময়ই পুলিশের কাছে খবর আসে যে, অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে নিয়ে ট্রেনযোগে কলকাতার দিকে রওনা দিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়েই কালক্ষেপ না করে হাওড়া স্টেশনে ফাঁদ পাতেন চিৎপুর থানার সাদা পোশাকের পুলিশ কর্মীরা। নির্দিষ্ট ট্রেনটি স্টেশনে ঢুকতেই নজরদারি বাড়ানো হয় এবং সন্দেহভাজন ওই যুবককে নাবালিকা-সহ চিহ্নিত করে আটক করা হয়।






