লিভ-ইন সঙ্গিনীকেও দিতে হবে স্ত্রীর মর্যাদা! বড় পর্যবেক্ষণ মাদ্রাজ হাই কোর্টের
বিচারপতির মতে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে লিভ-ইন সঙ্গীকে স্ত্রীর সমান আইনি মর্যাদা দেওয়া উচিত এবং সমাজকে এই বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে।
Truth of Bengal: একত্রবাস বা লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদের আইনি সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল মাদ্রাজ হাই কোর্ট। আদালত জানিয়েছে, বর্তমান সময়ে এই ধরণের সম্পর্কের জনপ্রিয়তা বাড়লেও এর কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় অনেক ক্ষেত্রে মহিলারা প্রতারণার শিকার হচ্ছেন। বিচারপতির মতে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে লিভ-ইন সঙ্গীকে স্ত্রীর সমান আইনি মর্যাদা দেওয়া উচিত এবং সমাজকে এই বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে।
তামিলনাড়ুর তিরুচিরাপল্লির এক যুবকের আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ দিয়েছে আদালতের মাদুরাই বেঞ্চ। ওই যুবকের বিরুদ্ধে তাঁর লিভ-ইন সঙ্গী অভিযোগ করেছেন যে, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় শারীরিক সম্পর্ক করার পর তিনি সম্পর্ক অস্বীকার করছেন। এই মামলার শুনানিতে বিচারপতি এস শ্রীমতী জানান, বর্তমান সমাজে লিভ-ইন সম্পর্ক একটি সাংস্কৃতিক অভিঘাতের মতো হলেও এটি এখন ব্যাপকভাবে প্রচলিত। মহিলারা আধুনিকতার কথা ভেবে এই ধরণের সম্পর্কে জড়ালেও পরে তাঁরা বুঝতে পারেন যে, প্রথাগত বিবাহের মতো আইনি সুরক্ষা এখানে নেই।
আদালত এই আধুনিক একত্রবাসের তুলনা করেছে প্রাচীন ভারতের হিন্দুশাস্ত্রের গান্ধর্ব বিবাহের সঙ্গে। হিন্দুশাস্ত্রে স্বীকৃত আটটি বিবাহের মধ্যে একটি হলো গান্ধর্ব বিবাহ, যেখানে কোনো ধর্মীয় আচার ছাড়াই কেবল নারী ও পুরুষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠত। বিচারপতি মনে করেন, বর্তমানের লিভ-ইন সম্পর্কগুলিকেও সেই আলোকেই দেখা যেতে পারে। যেহেতু এই সম্পর্কের কোনো আইনি ভিত্তি থাকে না, তাই অনেক পুরুষ এই সুযোগ নিয়ে সম্পর্কের শুরুতে আধুনিকতার দোহাই দিলেও তিক্ততা তৈরি হলে সঙ্গিনীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন।
ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারার প্রসঙ্গ টেনে আদালত স্পষ্ট জানিয়েছে যে, বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা একটি দণ্ডনীয় অপরাধ। কোনো পুরুষ প্রতিশ্রুতি দিয়ে পরে পিছিয়ে গিয়ে আইনের হাত থেকে পার পেয়ে যেতে পারেন না। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা আদালতের দায়িত্ব বলে বিচারপতি অভিমত প্রকাশ করেন। লিভ-ইন সঙ্গীদের সুরক্ষা প্রদানের এই প্রয়োজনীয়তা উল্লেখ করেই আদালত মামলাকারী যুবকের আগাম জামিনের আবেদনটি খারিজ করে দিয়েছে।





