স্থায়ী ডিজি নিয়োগে কড়া নির্দেশ ক্যাটের, নতুন প্যানেল পাঠাতে সময়সীমা বেঁধে দিল ট্রাইবুনাল
ক্যাটের স্পষ্ট নির্দেশ, আগামী ২৩ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে ইউপিএসসি-র নির্ধারিত নিয়ম মেনে যোগ্য আইপিএস অফিসারদের একটি নতুন প্যানেল পাঠাতে হবে।
Truth of Bengal: রাজ্যে স্থায়ী পুলিশ মহানির্দেশক নিয়োগ নিয়ে বড়সড় নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল । ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমারের করা মামলার প্রেক্ষিতে ট্রাইবুনাল রাজ্য সরকারকে নির্দিষ্ট নিয়ম মেনে নতুন করে ডিজি পদের জন্য প্যানেল পাঠানোর নির্দেশ দিয়েছে। ক্যাটের স্পষ্ট নির্দেশ, আগামী ২৩ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে ইউপিএসসি-র নির্ধারিত নিয়ম মেনে যোগ্য আইপিএস অফিসারদের একটি নতুন প্যানেল পাঠাতে হবে।
সেই প্যানেল পাওয়ার পর ২৮ জানুয়ারির মধ্যে এম্প্যানেলমেন্ট কমিটির বৈঠক ডেকে স্থায়ী ডিজি নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছে ট্রাইবুনালের তরফে।উল্লেখ্য, বর্তমানে রাজ্যে অ্যাক্টিং ডিজি হিসেবে দায়িত্বে রয়েছেন রাজীব কুমার। তবে তাঁর কর্মজীবনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। এই পরিস্থিতিতে ট্রাইবুনালের নির্দেশে প্রশাসনিক মহলে বাড়ছে জল্পনা। নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্য সরকার নতুন প্যানেল পাঠাবে কি না। নাকি রাজীব কুমারের অবসর গ্রহণের পর ফের কোনও নতুন অ্যাক্টিং ডিজি নিয়োগের পথেই হাঁটবে নবান্ন—তা নিয়েই চলছে জোর চর্চা।






