EPL: শীর্ষেই শেষ করল আর্সেনাল! ভিলার বিজয়রথ থামিয়ে বছর শেষে এমিরেটসে দাপট গানার্সদের
দ্বিতীয়ার্ধে খেলা প্রায় পুরোপুরি সীমাবদ্ধ ছিল অ্যাস্টন ভিলার অর্ধে।
Truth of Bengal: টানা এগারো ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে থামল অ্যাস্টন ভিলার স্বপ্নের দৌড়। ইংলিশ প্রিমিয়ার লিগে রাজকীয় পারফরম্যান্সের পর ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বছর শেষ করল শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। এমিরেটসে দাপুটে এই জয়ে গোলের তালিকায় নাম লেখালেন গ্যাব্রিয়েল জেসুসও। গোটা ম্যাচ জুড়েই কার্যত ভিলাকে নাস্তানাবুদ করে রাখে মিকেল আর্তেতার দল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলা প্রায় পুরোপুরি সীমাবদ্ধ ছিল অ্যাস্টন ভিলার অর্ধে। ৪৮ মিনিটে কর্নার থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিলীয় ডিফেন্ডার গ্যাব্রিয়েল। চার মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি। ৭০ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্দ গোল করে ম্যাচ কার্যত একপেশে করে দেন।
৭৮ মিনিটে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখেন গ্যাব্রিয়েল জেসুস। দীর্ঘ প্রায় এক বছর চোটের জন্য মাঠের বাইরে থাকার পর ডিসেম্বরে কামব্যাক করা ব্রাজিলীয় ফরোয়ার্ড অবশেষে গোলের দেখা পান। গোলের পর জার্সি খুলে ভিতরের শার্টে লেখা ‘আই বিলং টু জেসাস’ দেখিয়ে উদ্যাপন করেন তিনি—যা একসময় এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর কাকার উদ্যাপনের স্মৃতি ফিরিয়ে আনে। ইনজুরি টাইমে (৯৪ মিনিট) ভিলা একটি গোল শোধ করলেও ম্যাচের রাশ আর ফেরাতে পারেনি। এই জয়ের ফলে লিগ শীর্ষেই বছর শেষ করল আর্সেনাল।
অন্যদিকে বছর শেষে বড় ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি। লিগের তলানিতে থাকা উলভসের বিরুদ্ধে দাপট দেখিয়েও জয় তুলে নিতে পারল না রুবেন আমোরিমের দল। বল পজেশন, আক্রমণ—সব দিকেই এগিয়ে থেকেও ১-১ গোলে আটকে যায় ইউনাইটেড। ২৭ মিনিটে জোশুয়া জির্কজি গোল করে এগিয়ে দেন রেড ডেভিলসকে। তবে ৪৫ মিনিটে ক্রেচি গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে বেঞ্জামিন সেসকোর একের পর এক গোল মিস ইউনাইটেডের হতাশা বাড়ায়। শেষ মুহূর্তে প্যাট্রিক ডোরগুর একটি গোল বাতিলও হয়।চেলসির অবস্থাও একই। বোর্নামাউথের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে এঞ্জো ফার্নান্দেজদের দল। ম্যাচের শুরুতে এগিয়ে যায় বোর্নামাউথ। ১৫ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান কোল পামার। ২৩ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন এঞ্জো। কিন্তু চার মিনিটের মধ্যেই জাস্টিন কুইভার্ট গোল করে ফের সমতা ফেরান। এরপর বহু চেষ্টা হলেও আর গোলের দেখা পায়নি কোনও দল।






