লাইফস্টাইল

বড়দিনের পার্টিতে নজর কাড়ুন ‘নো মেকআপ’ লুকে, রইল সহজ ৮টি ধাপ

আত্মবিশ্বাসের সঙ্গে এই শীতের মরসুমে বড়দিনের পার্টিতে সকলের নজর কাড়ুন এলিগ্যান্ট নো মেকআপ লুকেই।

Truth Of Bengal: অতিরিক্ত মেকআপে আসল সৌন্দর্য ঢাকা পড়ে যায়। দৃষ্টিকটু লাগে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে এই শীতের মরসুমে বড়দিনের পার্টিতে সকলের নজর কাড়ুন এলিগ্যান্ট নো মেকআপ লুকেই।

কীভাবে করবেন মেকআপ?

১) প্রথমেই মুখ ভালো করে মাইল্ড ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে মুখের সব ময়লা, অতিরিক্ত তেল চলে যাবে।

২) মুখে হালকা বরফ জল স্প্রে করে নিন। ত্বক আর্দ্র রাখতে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। স্কিনটোন মসৃণ করতে প্রাইমার ব্যবহার করুন। এতে মেকআপ বেশিক্ষণ স্থায়ী হবে। হালকা হাইড্রেটিং প্রাইমার লাগাবেন।

৩) নিজের স্কিনটোন অনুযায়ী হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। ব্রাশ দিয়ে বা ভেজা স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে বা ত্বকে ঘষে নিন।

৪) চোখের তলায়, নাকের পাশে দাগছোপ দূর করতে ব্যবহার করুন কনসিলার। ত্বকের তৈলাক্ত জায়গা যেখানে ঘাম ফুটে ওঠে বেশি সেখানে হালকা করে ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। ফ্রেশ ও স্বাভাবিক ঔজ্জ্বল্য আসবে।

৫) গালে হালকা রঙের ব্লাশঅন করুন হাইলাইট করতে। সফট পিচ বা গোলাপি রঙের টোন ব্যবহার করুন।

৬) চোখের মেকআপের ওপর বিশেষ নজর দিন। সফট নিউট্রাল আইশ্যাডো ব্যবহার করুন। কাজল বা ওয়াটার প্রুফ মাসকারা ব্যবহার করুন।

৭) ভ্রুর মেকআপে নজর দিন। বাঁকানো ভ্রু আঁকুন বা ছোট্ট চিরুনি দিয়ে গুছিয়ে দিন।

৮) প্রথমেই ঠোঁটে ক্রিম লাগান। যাতে ফাটাফুটি না থাকে। নিউট্রাল বা একই রকম রঙের লিপলাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করে নিন। সফট গোলাপি, পিচ, বোল্ড বা হালকা মেরুন রঙের ম্যাট বা ক্রিমি লিপস্টিক ব্যবহার করুন।