কলকাতা

Arjun Singh: জগদ্দল কাণ্ডে বড় স্বস্তি অর্জুন সিংয়ের! হাইকোর্টে মঞ্জুর আগাম জামিন

তবে আদালত স্পষ্ট জানিয়েছে, বিজেপি নেতাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর মামলার তদন্তকারী আধিকারিকের (IO) সঙ্গে দেখা করতে হবে।

Truth of Bengal: জগদ্দলের মেঘনা মিল এলাকায় অশান্তি ও গুলি চালনার ঘটনায় বড়সড় স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, বিজেপি নেতাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর মামলার তদন্তকারী আধিকারিকের (IO) সঙ্গে দেখা করতে হবে।

ঘটনার সূত্রপাত চলতি বছরের মার্চ মাসে। অভিযোগ ওঠে, জগদ্দলের মেঘনা জুটমিলের শ্রমিকদের মধ্যে চলা একটি গণ্ডগোলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই খবর পেয়ে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং সেখানে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং গুলি চলার ঘটনা ঘটে। বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দাবি ছিল, ঘটনার রাতে তিনি মজদুর ভবনেই ছিলেন। গুলির শব্দ শুনে বাইরে বেরিয়ে তিনি দেখেন এক যুবক জখম অবস্থায় পড়ে আছেন। অর্জুন সিংয়ের অভিযোগ ছিল, আসলে তিনি নিজেই ওই হামলার লক্ষ্য ছিলেন এবং দুষ্কৃতীরা তাঁকে নিশানা করেই গুলি চালিয়েছিল।

এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ তদন্ত শুরু করলে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার তলব করা হয়। কিন্তু তিনি থানায় হাজিরা না দেওয়ায় পুলিশ সরাসরি তাঁর বাসভবন মজদুর ভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ হয়ে অর্জুন সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে অভিযোগ করেন যে, পুলিশ তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।

পরবর্তীতে গ্রেফতারি এড়াতে তিনি আদালতের দ্বারস্থ হন। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে শুনানি চলাকালীন তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়। আদালত জানিয়েছে, পুলিশি তদন্ত চলবে, তবে অর্জুন সিংকে গ্রেফতার করা যাবে না, যদি না তিনি তদন্তে অসহযোগিতা করেন। হাইকোর্টের এই রায় বিজেপি নেতার জন্য বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

Related Articles