Indian Stock Market: এক লাফে ৮৫ হাজার পেরোল সেনসেক্স! দালাল স্ট্রিটের দাপটে কাবু বিয়ার্স
সোমবার সকালে বাজার খোলার পর থেকেই সেনসেক্স ও নিফটির সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
Truth of Bengal: দীর্ঘদিনের মন্দা ও রক্তক্ষরণ কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়াল দালাল স্ট্রিট। সপ্তাহ শুরুর প্রথম দিনেই লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়ে বড়সড় লাফ দিল শেয়ার বাজার। সোমবার সকালে বাজার খোলার পর থেকেই সেনসেক্স ও নিফটির সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, গত এক মাসের টানা পতন কাটিয়ে বাজার এখন পুনরায় স্থিতিশীল হওয়ার পথে।
সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বা সেনসেক্স ৬৩৮.১২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা শতাংশের হিসেবে ০.৭৫ শতাংশ। দিনের শেষে সেনসেক্স থিতু হয়েছে ৮৫,৫৬৭.৪৮ পয়েন্টে। পিছিয়ে ছিল না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও। নিফটির সূচক ২০৬ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৬,১৭২.৪০-এর ঘরে। শুধুমাত্র বড় শেয়ার নয়, এদিন মিডক্যাপ নিফটি এবং ব্যাঙ্ক নিফটির সূচকেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
এদিনের বাজারে যে শেয়ারগুলি বিনিয়োগকারীদের সবথেকে বেশি মুনাফা দিয়েছে, তার মধ্যে রয়েছে কোচিন শিপইয়ার্ড, সোলার ইন্ডাস্ট্রিজ, রেল বিকাশ নিগম এবং শ্রীরাম ফিনান্সিয়াল। এর মধ্যে কোচিন শিপইয়ার্ডের দর বেড়েছে ৭.৬২ শতাংশ। এছাড়াও উইপ্রো এবং হিন্দুস্থান কপারের মতো সংস্থাগুলিও লাভের মুখ দেখেছে। তবে এই চাঙ্গা বাজারের মধ্যেও সাইমেনস এনার্জি, ডিক্সন টেকনো এবং এইচডিএফসি লাইফের মতো কিছু শেয়ারের দরে পতন লক্ষ করা গেছে।
বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, টাকার মূল্যের হ্রাস এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার ফলে গত কয়েক সপ্তাহ ধরে বাজার বেশ অস্থির ছিল। তবে বাজারের নিয়ম মেনে একটানা পতনের পর এই ঘুরে দাঁড়ানো অত্যন্ত প্রত্যাশিত ছিল। বিনিয়োগের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় দালাল স্ট্রিটে সুদিন ফিরছে বলে মনে করা হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরাও এই গ্রিন সিগন্যাল দেখে নতুন করে আশায় বুক বাঁধছেন।





