কলকাতা

ডিসেম্বরের শেষ বেলায় প্রকৃতির খেলা! কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে থাকবে।

Truth Of Bengal: ক্রমশ নিচে নামছে তাপমাত্রার পারদ, শীতের আমেজ আরও বাড়ছে বাংলায়। কনকনে ঠান্ডার মধ্যে এবছর বড়দিন পালন করতে যাচ্ছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের দিনও শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত দু’দিন ধরে ভোর ও সকালের দিকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা দেখা গেছে। এর ফলে দৃশ্যমানতা কমে রেল, সড়ক ও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কুয়াশা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। বরং সোমবার ও মঙ্গলবার কুয়াশার মাত্রা আরও বাড়তে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও দিনের বেলায় আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, সোম ও মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। গত দু’দিন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে গিয়েছিল। তবে সোমবার থেকে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্বাভাবিকের সমান থাকবে। শীতের আমেজ থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। আগামী সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা একইরকম থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও দিনের বেলায় আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়ও কুয়াশার প্রভাব দেখা দিতে পারে।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শীতের আমেজ বজায় থাকলেও তাপমাত্রা প্রায় স্বাভাবিকের সমান থাকবে। দার্জিলিং জেলা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন সমতলাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। গত দু’দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৭৫ শতাংশ এবং সর্বোচ্চ ৯০ শতাংশ।

Related Articles