খেলা

রবিবার ভারত-পাক মহারণ, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল দুবাইতে

বৃষ্টিতে ম্যাচে কাটছাঁট এদিন দুবাইয়ের আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে প্রায় পাঁচ ঘণ্টা দেরি হয়।

Truth Of Bengal: বৃষ্টির ভ্রুকুটি উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। শুক্রবার দুবাইতে আয়োজিত প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে খেতাব জয়ের শেষ লড়াইতে নামল টিম ইন্ডিয়া। জয়ের নায়ক আরসিবি-র (RCB) দুই তরুণ তুর্কি বিহান মালহোত্রা এবং কনিষ্ক চৌহান। ফাইনালে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

বৃষ্টিতে ম্যাচে কাটছাঁট এদিন দুবাইয়ের আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে প্রায় পাঁচ ঘণ্টা দেরি হয়। প্রবল বৃষ্টির জেরে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ২০ ওভারের করা হয়। টি-২০ ফর্ম্যাটে পরিণত হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে লঙ্কান ব্যাটাররা বড় রান গড়তে ব্যর্থ হন। বল হাতে বিশেষ নজর কাড়েন কনিষ্ক চৌহান। তিনি এক ওভারেই জোড়া উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন। প্রসঙ্গত, আইপিএল ২০২৬-এর নিলামে এই তরুণ পেসারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শুরুতে ধাক্কা, পরে বিহান-অ্যারন শো ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। অধিনায়ক আয়ুষ মেহত্রে এবং ১৪ বছরের বৈভব সূর্যবংশী দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। প্রাথমিক বিপর্যয়ে ভারতীয় শিবির কিছুটা চাপে পড়লেও, হাল ধরেন বিহান মালহোত্রা এবং অ্যারন জর্জ।

তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার পাল্টা আক্রমণ শুরু করেন। বিহান মালহোত্রা ৬১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অ্যারন জর্জও। কনিষ্কের মতো বিহানও এবার আরসিবি-র স্কোয়াডে রয়েছেন। তাঁদের চওড়া ব্যাটেই ৮ উইকেটে সহজ জয় পায় ভারত।

ফাইনালে ‘মাদার অফ অল ব্যাটেল’ দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে পাকিস্তান। ফলে আগামী রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। যুব এশিয়া কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ক্রিকেট মহলে।

Related Articles