কলকাতারাজ্যের খবর

ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক-বর্ষার বৃষ্টির সম্ভাবনা

গত কয়েকদিনের ভ্যাপসা গরম ও অস্বস্তির মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা স্বস্তি ফিরিয়েছে রাজ্যে।

Truth of Bengal: রাজ্যের দুয়ারে বর্ষা আগমনের ইঙ্গিত মিলতে শুরু করেছে। ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরল পেরিয়ে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে প্রবেশ করেছে। আগামী দু’দিনের মধ্যেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মৌসুমী বায়ু ঢুকে পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, বর্ষা মূল ভূখণ্ডে প্রবেশ করতেই রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।

গত কয়েকদিনের ভ্যাপসা গরম ও অস্বস্তির মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা স্বস্তি ফিরিয়েছে রাজ্যে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। উপগ্রহ চিত্র অনুযায়ী, বর্তমানে উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

দক্ষিণবঙ্গেও প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও গরম ও অস্বস্তি পুরোপুরি কমবে না। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও কোথাও ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমান জেলায়। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। আজও কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সর্বত্র বৃষ্টি হবে না। সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে মঙ্গলবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।

শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৬৩ শতাংশ এবং সর্বোচ্চ ৯২ শতাংশ। শহরে সামান্য বৃষ্টি হয়েছে।

Related Articles