Tirupati University: তিরুপতি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্থা ও ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার ২ অধ্যাপক
ওডিশার বাসিন্দা ২৭ বছর বয়সী বিএড (B.Ed) পাঠরত ওই ছাত্রী এই গুরুতর অভিযোগ এনেছেন।
Truth of Bengal: অন্ধ্রপ্রদেশের তিরুপতির একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হেনস্থা, নিগ্রহ এবং ব্ল্যাকমেল করার অভিযোগে দুই সহকারী অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। ওডিশার বাসিন্দা ২৭ বছর বয়সী বিএড (B.Ed) পাঠরত ওই ছাত্রী এই গুরুতর অভিযোগ এনেছেন। ছাত্রীটির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. লক্ষ্মণ কুমার তাঁর পদমর্যাদার অপব্যবহার করে তাঁকে প্রলুব্ধ করেন এবং নিজের অফিসের ভেতরেই তাঁকে যৌন নির্যাতন করেন। অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে যখন ছাত্রীটি জানান, ওই ঘটনার সময় আর এক অধ্যাপক ড. এ শেখর রেড্ডি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি নাকি সেই মুহূর্তের ছবি তুলেছিলেন। এরপর রেড্ডি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করেন বলে অভিযোগ।
জানা গেছে, ছাত্রীটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যৌন হেনস্থা বিরোধী কমিটির (Anti-Sexual Harassment Committee) দ্বারস্থ হন। এরপর গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ইন-চার্জ রেজিস্ট্রার অধ্যাপক রজনীকান্ত শুক্লা পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বহু ধারা অনুযায়ী মামলা রুজু করে।মামলার তদন্তের জন্য পুলিশের একটি বিশেষ দল ওই ছাত্রীর শহর ওডিশায় যায়। সেখানে ছাত্রীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। পাশাপাশি, যৌন নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে। অভিযুক্ত দুই অধ্যাপক লক্ষ্মণ কুমার এবং শেখর রেড্ডিকে গত ৯ ডিসেম্বর গ্রেফতার করা হয় এবং পরে আদালতে পেশ করা হয়। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অভিযুক্ত দুই অধ্যাপককে সাময়িক বরখাস্ত করেছে।
তিরুপতির ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (DSP) ভক্তবৎসলম এই প্রসঙ্গে জানান, মহিলাদের প্রতি হয়রানির সমস্ত অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পুলিশ ছাত্রছাত্রীদের নির্ভয়ে এমন ঘটনা রিপোর্ট করার আহ্বান জানিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে অভিযোগকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।






