খেলা

অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন নোভাক জোকোভিচ, নিলেন স্কুল পড়ুয়াদের খাবারের দায়িত্ব

সেখানে এই দায়িত্ব নিতে হয় ব্যক্তিগত উদ্যোগে অথবা কোনও সিএসআর প্রোগ্রামের মারফৎ।

Truth Of Bengal: এ দেশে ‘সর্বশিক্ষা মিশন’ শুরু হওয়ার পর ভারতে স্কুলছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সেই প্রকল্পের সহায়ক হিসাবেই সরকারি তরফ থেকে চালু হয়েছিল ‘মিড ডে মিল’, যাতে পড়ুয়াদের দুপুরের খাবার দেওয়া হয় তাদের স্কুলেই। পশ্চিমবঙ্গে যেমন স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলের খরচ দেয় রাজ্য সরকার, অন্য দেশে কিন্তু তেমনটা হয় না। বহুদূরের দেশ সার্বিয়ায় কিন্তু স্কুলপড়ুয়াদের খাবারের খরচ সরকার বহন করে না। সেখানে এই দায়িত্ব নিতে হয় ব্যক্তিগত উদ্যোগে অথবা কোনও সিএসআর প্রোগ্রামের মারফৎ।

হঠাৎ সার্বিয়ার স্কুলপড়ুয়াদের খাবারের খোঁজ কেন নেওয়া হচ্ছে? ধান ভানতে শিবের গীত নয়, সার্বিয়ায় একজন ক্রীড়াবিদ এই দায়িত্ব নিয়েছেন। সার্বিয়ায় ২২টি স্কুলের পড়ুয়াদের খাবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন টেনিস দুনিয়ার তারকা নোভাক জোকোভিচ। টেনিসে পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন ‘জোকার’। সেই জোকোভিচেরই অন্য এক রূপ প্রকাশিত হল। স্কুলপড়ুয়াদের মধ্যাহ্নভোজের খরচ দিয়েছেন তিনি। সার্বিয়ার ২২টি স্কুলের পড়ুয়াদের মধ্যাহ্নভোজের খরচ জোগাতে এত দিন ধরে তাঁর খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা। সেই টাকা খরচ করা হচ্ছে জোকোভিচ ও তাঁর পুত্র স্টেফানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বলে জানা গিয়েছে। স্কুলে পড়াশোনা করতে যাওয়া শিশুরা যাতে খালি পেটে না থাকে, তার জন্যই তাঁর এই উদ্যোগ।

টেনিস দুনিয়ার নক্ষত্র জোকোভিচ, যাঁকে ‘জোকার’ নামেই ডাকেন তাঁর ভক্তরা – তিনি নিজে বড় হয়েছেন যুদ্ধবিধ্বস্ত সার্বিয়ার মাটিতে। অপুষ্টির শিকার শিশুদের তিনি দেখেছেন, তিনি জানেন শিশুদের বিকাশের জন্য পুষ্টিকর খাবার কতটা জরুরি। তাই এই দায়িত্ব যেচে নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। জোকোভিচ জানিয়েছেন, সব গ্র্যান্ড স্ল্যামের চেয়েও এই জয় তাঁর কাছে সবচেয়ে আনন্দের, সবচেয়ে বেশি তৃপ্তির। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘আমি যতগুলো গ্র্যান্ড স্ল্যাম জিতেছি তার থেকে এই জয় অনেক বড়। একই বছরে চার দেশে গ্র্যান্ড স্ল্যাম জিতেছি। সেটা ব্যক্তিগত সাফল্য। কিন্তু ক্লাসে অভুক্ত অবস্থায় থাকা এক শিশুর মুখে খাবার তুলে দিতে পারার আনন্দ সবার চেয়ে আলাদা। এতে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি।’

২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিততে পারবেন কিনা, সেটা জানা নেই। ৩৮ বছর বয়স হল তাঁর। এক সময় টেনিস এরিনাকে তো বিদায় জানাতেই হবে। কিন্তু টেনিস দুনিয়ার সব লড়াইয়ের চেয়েও অপুষ্টির বিরুদ্ধে লড়াই অনেক বড় বলে মনে করেন নোভাক জোকোভিচ। আর সেই লড়াইয়ের প্রথম রাউন্ডে জিতে গিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা, বলছেন তাঁর ভক্তরা।

Related Articles