নচিকেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কথা বললেন চিকিৎসকদের সঙ্গে
গুরুতর অসুস্থ সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীকে দেখতে যান তিনি।
Truth Of Bengal: উত্তরবঙ্গ থেকে কলকাতা এয়ারপোর্টে নেমে বাড়ি ফেরার পথে মঙ্গলবার বিকেলে হঠাৎই ই এম বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর অসুস্থ সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীকে দেখতে যান তিনি।
প্রায় পনেরো মিনিট ধরে হাসপাতালে অবস্থান করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নচিকেতার চিকিৎসার অগ্রগতি, ওষুধের প্রতিক্রিয়া, পরীক্ষার রিপোর্ট,সব কিছুই খুঁটিয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিল্পীর প্রতি কিছুটা ‘বকাঝকা’র সুরেই শোনান শরীরের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ।
ভবিষ্যতে নিয়ম মেনে চলার কথাও বলেন তিনি। আইসিইউ থেকে তাঁকে ইতিমধ্যেই জেনারেল ওয়ার্ডে সরিয়ে আনা হয়েছে। স্বাভাবিক খাবার খাচ্ছেন, নির্দ্বিধায় কথা বলছেন, এমনকি মঞ্চে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন বলে হাসপাতাল সূত্রে খবর।





