IndiGo Flight Cancellations: ৩ দিনে কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর ৯২টি ফ্লাইট বাতিল, ভোগান্তির শিকার হাজারো যাত্রী
গত ৩ ডিসেম্বর থেকে শুক্রবার ৫ ডিসেম্বর দুপুর ২টো পর্যন্ত ইন্ডিগোর মোট ৯২টি বিমান বাতিল করা হয়েছে।
Truth of Bengal: দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা কার্যত ধসে পড়ায় কলকাতা বিমানবন্দরেও চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। শুক্রবারও সংস্থার বহু অভ্যন্তরীণ বিমান বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, গত ৩ ডিসেম্বর থেকে শুক্রবার ৫ ডিসেম্বর দুপুর ২টো পর্যন্ত ইন্ডিগোর মোট ৯২টি বিমান বাতিল করা হয়েছে। এই সময়ের মধ্যে কলকাতায় আসা ও যাওয়া—উভয় ক্ষেত্রেই যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। এছাড়াও, এই কয়েক দিনে প্রায় ৩২০টি ইন্ডিগোর বিমান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে কলকাতায় অবতরণ করেছে বা কলকাতা ছেড়ে অন্য গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গিয়েছে।
বুধবার কলকাতায় আসার ৮টি এবং কলকাতা থেকে উড়ে যাওয়ার ১৮টি বিমান বাতিল করা হয়েছে। আসা ও যাওয়া উভয় ক্ষেত্রেই ১৩টি করে মোট ২৬টি বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে পৌঁছেছে/উড়েছে। বৃহস্পতিবার অবতরণের ২২টি এবং কলকাতা থেকে ওড়ার ১৭টি বিমান বাতিল করা বৃহস্পতিবার কলকাতায় আসার ৮১টি এবং কলকাতা ছাড়ার ৭৮টি বিমান দেরিতে উড়েছে।
এই ব্যাপক বিপর্যয়ের ফলে যাত্রীরা চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন। কিছু ক্ষেত্রে বিমান টানা তিন দিন বাতিল হয়েছে, আবার অনেক যাত্রীর বোর্ডিং পাস ইস্যু করার পরেও বিমান বাতিল করে দেওয়া হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যাত্রীরা বিমান সংস্থার কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। শুধু সাধারণ যাত্রীই নন, এই বিমান বিপর্যয়ের জেরে রাজ্যের গুরুত্বপূর্ণ কাজও ব্যাহত হয়েছে। জানা গিয়েছে, রাজ্য বিদ্যুৎ পর্ষদের ২২ জন আধিকারিক একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন, কিন্তু ইন্ডিগোর বিমান বাতিলের কারণে তাঁরা সেই বৈঠকে যোগ দিতে যেতে পারেননি।





