Winter Weather in Bengal: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই কি জাঁকিয়ে শীত? আবহাওয়ার বড় আপডেট
বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বহু জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Truth of Bengal: শীতকাল কড়া নাড়লেও রাজ্যে এখনও সেই তীব্র ঠান্ডার দেখা মিলছে না। ডিসেম্বরের শুরুতেই শীত জেঁকে বসবে বলে যে আশা ছিল, তা প্রত্যাশা মতো পূরণ হয়নি। আবহাওয়া দফতরের জানানো তথ্যে জানা যাচ্ছে, আগামী দু’দিন তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। তবে তার পরেই পরিস্থিতি বদলাতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বহু জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সপ্তাহের শেষদিকে আবারও সামান্য তাপমাত্রা বৃদ্ধির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে এই সপ্তাহে শীতের ওঠানামা চলতেই থাকবে।
এদিকে, ঠান্ডা না থাকলেও কুয়াশা ইতিমধ্যেই সমস্যার কারণ হয়ে উঠেছে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঘন কুয়াশার দাপট বাড়বে বলে পূর্বাভাস। বিশেষ করে ভোরবেলা ও রাতে দৃশ্যমানতা কমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার প্রভাব আরও বেশি দেখা যেতে পারে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে হরিয়ানার ওপর সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝাই বাড়তি উষ্ণতার জন্য দায়ী। তবে এই প্রভাব খুব শিগগিরই কমে যাবে। গোটা সপ্তাহ আকাশ শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা দিতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশা আরও ঘন হতে পারে। পাহাড়ে, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে। যদিও আগামী ৪৮ ঘণ্টায় তেমন কোনও বড় পরিবর্তন হবে না, তবে পরে পাহাড়ি অঞ্চলে ঠান্ডা আরও বাড়তে পারে।






