৩১ ডিসেম্বর শেষ তারিখ, টোটো রেজিস্ট্রেশন নিয়ে ঘোষণা পরিবহনমন্ত্রীর
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।মন্ত্রী আরও জানান, কয়েক লক্ষ অনিবন্ধিত টোটো তৈরি হয়েছে, তাদেরই বৈধতার সুযোগ দেওয়ার জন্য এই ব্যবস্থা।
Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন নিয়ে বিরোধীদের ‘ভুল তথ্য ছড়ানো’র অভিযোগ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, রেজিস্ট্রেশন না হলে কোনও টোটো বা ই-রিকশা রাস্তায় চলতে পারবে না। করোনাকালে টোটোর সংখ্যা যে হারে বেড়েছে, সেই বিপুল সংখ্যক অনিবন্ধিত টোটোকে বৈধতার সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।মন্ত্রী বলেন, টোটো ও ই-রিকশা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে।
ভুল বুঝিয়ে চালকদের বিভ্রান্ত করা হচ্ছে। বর্তমানে টোটোর রেজিস্ট্রেশন ফি ১৬৫০ টাকা, ই-রিকশা রেজিস্ট্রেশন ফি ২৮০০ টাকা, ইনস্যুরেন্স সাময়িকভাবে ছয় মাস পিছিয়ে দেওয়া হয়েছে, এবং এর জন্য কোনও অতিরিক্ত টাকা ডিলারকে দিতে হবে না।রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।মন্ত্রী আরও জানান, কয়েক লক্ষ অনিবন্ধিত টোটো তৈরি হয়েছে, তাদেরই বৈধতার সুযোগ দেওয়ার জন্য এই ব্যবস্থা। পাশাপাশি সতর্ক করে দেন, কোনও অবৈধ টোটো প্রস্তুতকারী সংস্থা হাতেনাতে ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
পরিবহনমন্ত্রীর বার্তা স্পষ্ট, কিউআর কোড ছাড়া টোটো রাস্তায় নামলেই প্রশাসন কড়া হাতে দমন করবে।তিনি জানান, এতদিন বহু টোটো কোনও রেজিস্ট্রেশন ফি ছাড়াই রাস্তায় চলছিল। এবার প্রশাসনের লক্ষ্য সব টোটোকেই নিয়মের আওতায় আনা।সাসমা প্রকল্পে পরিবহনকর্মীরা বিনামূল্যে সামাজিক কাজের যে সুবিধা পান, রেজিস্ট্রেশন হওয়ার পর টোটো চালকরাও সেই সুবিধা পাবেন। এ ছাড়া দুর্ঘটনাসহ নানা পরিস্থিতিতে ভবিষ্যতে ডিমার-এর আওতায় আসবেন বলে জানিয়েছেন মন্ত্রী। পরিবহন মন্ত্রী অভিযোগ করেন, বিরোধীরা একাংশ টোটো চালককে ভুল বুঝিয়ে উত্তেজিত করার চেষ্টা করছে। তাঁর দাবি,রেজিস্ট্রেশন করালে আখেরে লাভ টোটো চালকদেরই। ভবিষ্যতের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতেই সরকার এই ব্যবস্থা করছে।টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই দ্রুতগতিতে বাড়ছে বলে জানান তিনি।






