রাজ্যের খবর

গৃহবধূকে ধারাল অস্ত্রের কোপ, আটক অভিযুক্ত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কমলা দেবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

Truth Of Bengal:  নদিয়ার শান্তিপুরে নৃশংস ঘটনা। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন কমলা বিশ্বাস নামে এক গৃহবধূ। অভিযোগ, তাঁর ওপর হামলা চালিয়েছেন স্বামীর দাদা, অর্থাৎ ভাসুর সুব্রত বিশ্বাস। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে বাইগাছি সেনপাড়া ইটভাটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কমলা দেবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করেন এবং অভিযুক্ত সুব্রত বিশ্বাসকে হাতেনাতে ধরে গাছে বেঁধে রাখেন। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুব্রতকে আটক করে থানায় নিয়ে যায়। গুরুতর জখম কমলা বিশ্বাসকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে অন্যত্র রেফার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় কমলার স্বামী সুশান্ত বিশ্বাস বাড়িতে ছিলেন না। কী কারণে এই নৃশংস হামলা—তা স্পষ্ট নয়। পুলিশের অনুমান, পারিবারিক বিবাদ থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে।

ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রতিবেশীদের বয়ান সংগ্রহ করছে। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কি কারণে কমলার ওপর হামলা চালান হয় তা স্পষ্ঠ নয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles