হেল্পলাইন নম্বরে পৌঁছল বোমা তৈরির ভিডিয়ো, গ্রেফতার ৫৫ বছরের প্রৌঢ়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেল্পলাইন নম্বরে এক ব্যক্তির বোমা তৈরি ভিডিয়ো এসে পৌঁছনোর পর নড়েচড়ে বসে মুর্শিদাবাদ থানার পুলিশ।
Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার পুলিশ বোমা উদ্ধারে অভিযান চালাচ্ছে। এর পাশাপাশি বোমা প্রস্তুতকারীদের বিরুদ্ধেও তারা কড়া পদক্ষেপ গ্রহণ করছে। গত ৩-১৬ নভেম্বর পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে মুর্শিদাবাদ জেলার পুলিশ ইতিমধ্যে ১,৬০০-রও বেশি বোমা বাজেয়াপ্ত করেছে। টানা অভিযানে যখন একের পর এক বোমা বাজেয়াপ্ত হচ্ছে, ঠিক সেই সময়ই বোমা তৈরির কারিগরদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। রবিবার বোমা তৈরির একটি ভিডিয়ো-র সূত্র ধরে এক বোমার কারিগরকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।
View this post on Instagram
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেল্পলাইন নম্বরে এক ব্যক্তির বোমা তৈরি ভিডিয়ো এসে পৌঁছনোর পর নড়েচড়ে বসে মুর্শিদাবাদ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। ভিডিয়োতে দেখা যায় বোমার কারিগর ৫৫ বছরের প্রৌঢ় আনারুল শেখকে। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার গুধিয়া মাঝপাড়ায়। পুলিশ আরও জানায়, আনারুলের বিরুদ্ধে আগেও বোমা ও সকেট বোমা তৈরি কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
মুর্শিদাবাদ পুলিশ জেলার এক পদস্থ পুলিশ কর্তা বলেন, ‘বোমা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ওই অভিযান আরও জোরদার করা হবে।’






