পুরুষ দলকে হারিয়ে ইতিহাস! জেলা ক্রিকেট লিগে দাপুটে জয় মহিলা দলের
প্রথমবারের মতো জেলা ক্রিকেট লিগের বাইশ গজে পুরুষ দলের বিরুদ্ধে মাঠে নেমে দাপট দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা ক্রিকেট দল।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: ‘ছেলে-মেয়ে সমান’ প্রবাদটি শোনাগেলেও বাস্তবে এখনও বহু ক্ষেত্রে ছেলেদেরই দেখা হয়। কিন্তু মেয়েরাও যে অনেক ক্ষেত্রে সমান, ছেলেদের সঙ্গে টক্কর দিয়েও জয় ছিনিয়ে আনতে পারে—তার জলজ্যান্ত প্রমাণ দিল দক্ষিণ দিনাজপুর জেলার এই মহিলা টিম।
প্রথমবারের মতো জেলা ক্রিকেট লিগের বাইশ গজে পুরুষ দলের বিরুদ্ধে মাঠে নেমে দাপট দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা ক্রিকেট দল। রবিবার বালুরঘাট স্টেডিয়ামে গ্রিনভিউ লিটিল চ্যাম্পসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে জেলা মহিলা দল ৩৯.২ ওভারে সব উইকেট হারিয়ে রান তোলে ১২৯। অধিনায়ক তনুজা সরকার ৩২ এবং সায়নী বসাক ৩২ রানের লড়াকু ইনিংস দলকে শক্ত ভিত দেয়। জবাবে ব্যাট করতে নেমে গ্রিনভিউ লিটিল চ্যাম্পসের ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে। অহনা মণ্ডল ও সায়নী বসাকের বোলিং দাপটের কাছে টিকটে পারে না। ৩০ ওভারে মাত্র ৮৬ রানেই থেমে যায় তাদের ইনিংস। অহনা তুলে নেন ৩ উইকেট, সায়নী ২ উইকেট। ম্যাচের সেরা নির্বাচিত হন সায়নী বসাক।
দক্ষিণ দিনাজপুর জেলা ক্রিকেট সংস্থার ক্রিকেট সম্পাদক অরিন্দম চন্দ বলেন, “আগে ছেলেদের দলের সঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে কয়েকজন মেয়ে খেলতো। পরে মহিলা ক্রিকেট হলে কম্বাইন্ড টিম পাঠাতাম। এ বছর প্রথমবার জেলার পক্ষ থেকে স্পেশালি মহিলা দল গড়া হয়েছে—এখনই নথিভুক্ত ৪৫ জনের বেশি মহিলা ক্রিকেটার আছে।”তিনি আরও জানান, “মহিলা ক্রিকেটের বিশ্বজয়, আর উত্তরবঙ্গের গর্ব রিচা ঘোষের সাফল্য জেলায় মহিলা ক্রিকেটে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। আশা করি আগামী দিনে দক্ষিণ দিনাজপুর মহিলা দল রাজ্যেই নয়, দেশের মধ্যে আলাদা কৃতিত্ব গড়বে।”






