খেলা

জর্জিয়াকে বড় ব্যবধানে পরাজিত করলেও এখনই বিশ্বকাপে পাকা নয় স্পেনের জায়গা

শনিবারের ম্যাচে তিবলিসিতে স্পেন প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর।

Truth Of Bengal: গত শনিবার ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী গ্রুপ ই-র গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেন মুখোমুখি হয়েছিল জর্জিয়ার। সেই ম্যাচে ফ্লুয়েন্তের দল ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করল জর্জিয়াকে। এই ম্যাচে জয় পাওয়ার সঙ্গে সঙ্গেই টানা পাঁচ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল স্পেন। কিন্তু ম্যাচ জিতলেও এখনই আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার ছাড়পত্র আদায় করতে পারেননি তোরেসরা। অবশ্য স্প্যানিশদের এই অপেক্ষা শুধুমাত্র কাগজে-কলমেই। কেননা বর্তমানে ই-গ্রুপের শীর্ষেই রয়েছে স্পেন। তাদের সংগ্রহ ৫ ম্যাচে ১৫ পয়েন্ট। এবং একটিও গোল হজম করেননি তারা। এই গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক। সমসংখ্যক ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। যেহেতু গ্রুপের শীর্ষ স্থানাধাকারী দলই বিশ্বকাপে খেলবে সেইহেতু মঙ্গলবারই তুরস্কের বিপক্ষে ড্র করলেই টিকিট পাকা তোরেসদের।

অপর দিকে তুরস্ককে মূল পর্বে খেলার যোগ্যতা আদায় করতে গেলে স্পেনকে বিশাল ব্যবধানে পরাজিত করতে হবে তুর্কিদের। যা একপ্রকার অসম্ভবই বলা চলে।

শনিবারের ম্যাচে তিবলিসিতে স্পেন প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। সব বিভাগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে তোরেস-জুবিমেন্ডিরা যেভাবে আক্রমণ করছিলেন, তাতে বেশ কিছুটা পিছিয়ে পড়তে থাকে জর্জিয়া।

স্পেন তাদের প্রথম গোলটি পায় ম্যাচের ১১ মিনিটে। পেনাল্টি থেকে  ফ্লুয়েন্তের দলের হয়ে প্রথম গোল করেন মাইকেল ওয়ারজাবাল। এরপর ২২ মিনিটে ফের স্পেনের হয়ে ব্যবধান বাড়ান জুবিমেন্ডি। এবং বিরতির মিনিট দশেক আগে ফের গোল করেন তোরেস।

বিরতির পর স্পেন অবশ্য একটি গোলই করে। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি সেরে ফেলেন সেই ওয়ারজাবাল। এরপর আর কোনও পক্ষই গোলের দেখা পায়নি।

এদিকে গ্রুপ ‘জে’-র ম্যাচে কাজাখাস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বেলজিয়াম। সেই ম্যাচে পিছিয়ে পড়েও শেষমেষে ড্র করেই মাঠ ছাড়ে বেলজিয়াম।

এই ম্যাচে প্রথম গোলের দেখা পায় কাজাখাস্তান। ম্যাচের ৯ মিনিটেই কাজাখদের হয়ে স্কোরশিটে নাম তোলেন সাতপেয়েভ। বেলজিয়াম গোল শোধ করে বিরতির পর। ৪৮ মিনিটে বেলজিয়ামের হয়ে গোল করেন হান্স ভানাকেন।

এরপর ৭৯ মিনিটে চেসনেকভ লাল-কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের বাকি সময়টা ১০ জনের কাজাখদের পেয়েও জয় হাসিল করতে পারল না বেলজিয়াম।

 

Related Articles