Kolkata airport: বিমানবন্দরে সরকারি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ১১টা ৫৫ মিনিট নাগাদ কলকাতা অভিমুখে যাওয়া একটি সরকারি বাসে হঠাৎই আগুন লেগে যায়।
Truth of Bengal: কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় ফের সরকারি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার সকালে বিমানবন্দরের এক নম্বর গেটের ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি, যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ১১টা ৫৫ মিনিট নাগাদ কলকাতা অভিমুখে যাওয়া একটি সরকারি বাসে হঠাৎই আগুন লেগে যায়।
বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তাঁরা হুড়মুড়িয়ে বাস থেকে নেমে আসেন। নামার সময় কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দর ট্রাফিক গার্ডের পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে, এটি শর্ট সার্কিট থেকে ঘটতে পারে।
বিমানবন্দর এলাকায় বাসে আগুন লাগার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও একই এলাকায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এদিন সকালেই রাজ্যের অন্য প্রান্তে আরও একটি বাস দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল। হাড়োয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে একটি বাস খালে উল্টে যায়। বাসটি হাড়োয়া থেকে করুণাময়ী আসছিল। এই ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বিমানবন্দর এলাকায় এই বাসে আগুন লাগার ঘটনা ঘটল।






