দেশ

Bihar Purnia Tragedy: নির্বাচনের মুখে পূর্ণিয়ায় মর্মান্তিক! বন্ধ ঘর থেকে উদ্ধার জেডিইউ নেতার পরিবারের তিনজনের দেহ

ঘটনাস্থল কেহাট থানার ইউরোপীয় কলোনি এলাকা।

Truth of Bengal: প্রথম দফার নির্বাচনের আগে চাঞ্চল্য ছড়াল বিহারের পূর্ণিয়ায়। বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল জেডিইউ নেতা নিরঞ্জন কুশওয়ার পরিবারের তিন সদস্যের দেহ। মৃতরা হলেন নিরঞ্জনের দাদা নবীন কুশওয়া, বউদি কাঞ্চন মালা সিং এবং ভাইঝি তনু প্রিয়া। ঘটনাস্থল কেহাট থানার ইউরোপীয় কলোনি এলাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেহাট থানার পুলিশ। বাড়ির ভিতরেই পড়ে ছিল তিনজনের দেহ। আপাতত মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে দাবি, এটি এক মর্মান্তিক দুর্ঘটনা। তাঁদের বক্তব্য অনুযায়ী, এমবিবিএস পড়ুয়া তনু প্রিয়া সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত হন তাঁর বাবা নবীন কুশওয়া। আহত অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়। এরপর স্বামী ও কন্যার মৃত্যু সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কাঞ্চন মালা সিং। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না  সব দিক খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নিরঞ্জন কুশওয়া-সহ স্থানীয় রাজনৈতিক নেতারা। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নবীন কুশওয়া পূর্ণিয়ার সুপরিচিত কুশওয়া পরিবারের সদস্য ছিলেন। তিনি একসময় বিএসপি প্রার্থী হিসেবে লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে সক্রিয় রাজনীতি ছেড়ে ব্যবসায় মন দেন। তাঁর মেয়ে তনু প্রিয়া চিকিৎসাশাস্ত্রের ছাত্রী ছিলেন।সম্প্রতি আরজেডি ছেড়ে জেডিইউ-তে যোগ দিয়েছেন নিরঞ্জন কুশওয়া। ভোটের মুখে এই পারিবারিক বিপর্যয় তাঁর জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।প্রসঙ্গত, বিহারে ৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে ভোট হবে। তার আগেই এই রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তদন্তকারীরা আপাতত দুর্ঘটনা না অন্য কোনও কারণ সবদিকেই নজর রাখছেন।

Related Articles