Truth Of Bengal: আর বাকি মাত্র কদিন। তারপরই বিহারে হবে বিধানসভা নির্বাচন। মাঝেমধ্যেই ভোটমুখী এই রাজ্যে ঘটছে চাঞ্চল্যকর রাজনৈতিক কান্ড। এরই মাঝে মাস দুয়েক পর প্রচারে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে সেখানে পা রেখেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কী বললেন লোকসভার বিরোধী দলনেতা? তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী ভোটের জন্য সবকিছু করতে পারেন। তবে এখানেই থেমে যাননি সোনিয়াপুত্র। এর সঙ্গে তিনি এটাও বলে বসেন যে প্রয়োজনে প্রধানমন্ত্রী মঞ্চে উঠে নাচতেও পিছিয়ে আসবেন না।
মুজফফরপুরে তেজস্বী যাদবের সঙ্গে যৌথ জনসভায় রাহুল গান্ধী বলেন, “দূষিত যমুনার জলে সাধারণ বিহারীদের ছটপুজো করতে হচ্ছে। আর নিজের সুইমিংপুলে ডুব দেবেন প্রধানমন্ত্রী। আসলে ওনার সঙ্গে কোনও সম্পর্ক নেই যমুনার। ছটের সঙ্গেও নেই। উনি শুধু চান আপনাদের ভোট। তার জন্য সব করতে পারেন প্রধানমন্ত্রী। আপনি যদি বলেন মঞ্চে উঠে নাচলে ওনাকে ভোট দেবেন, সেটাই করবেন উনি।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
যদিও এই প্রথমবার নয়, এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী, যার জন্য তাঁকে পড়তে হয়েছিল বিজেপি নেতা থেকে শুরু করে তাদের দলের কর্মী ও সমর্থকদের মুখে। তবে এতকিছু সত্ত্বেও তা জারি রেখেছেন লোকসভার বিরোধী দলনেতা। এবারও এমন মন্তব্য করতে পিছিয়ে আসেননি তিনি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এমন কাজকর্ম এক প্রভাবশালী নেতার করা কতটা শোভনীয় দেখায়। অনেকে আবার মনে করছেন যে ফের রাহুল কটাক্ষের শিকার হতে পারেন এগুলি বলার জন্য। সুতরাং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটিকে হাতিয়ার করে বড় কিছু করে কিনা বিজেপি, সেটাই এখন দেখার।






