রাজ্যের খবর

ভক্তদের ক্ষোভের পর বদলে গেল মনোভাব, বুড়িমা মন্দিরে ফের শুরু ভোগ বিতরণ

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: খবরের জেরেই যেন বদলে গেল পরিস্থিতি। বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়িমা কালীবাড়িতে ভোগ না পেয়ে ভক্তদের ক্ষোভের খবর প্রকাশের পরই তৎপর হল মন্দির কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকেই মায়ের নিবেদিত ভোগ দেওয়া শুরু করেছে বুড়িমা মন্দির কমিটি। মঙ্গলবার বিকেল থেকেই ভক্তদের জন্য রি-ইস্যু করা হচ্ছে কুপন।

আরও পড়ুনঃ এশিয়া কাপে ট্রফি বিতর্কের ইস্যুতে নিজেদের মনোভাবে অনড় বিসিসিআই, প্রত্যাখ্যান নাকভির পরামর্শ

কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আগামী সাতদিন চলবে ভোগ প্রদান কর্মসূচি। মঙ্গলবার দুপুরে ভোগ বিতরণের সময় অশান্তির সৃষ্টি হয়েছিল মন্দির প্রাঙ্গণে। অভিযোগ ওঠে, ভোগ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ভোগ বিলি বন্ধ করে মন্দির ছেড়ে চলে যান। এমনকি মায়ের নিবেদিত ভোগের পরিবর্তে খিচুড়ি রান্না করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। তবে বুধবার সকালে পরিস্থিতি একেবারে পাল্টে যায়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কাউকেই ভোগ থেকে বঞ্চিত রাখা হবে না। পুজোর আগে দেওয়া কুপন জমা দিলেই রি-ইস্যু করে ভোগ দেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় ২৫ জন ভক্ত ভোগ সংগ্রহ করেছেন। মন্দির কমিটির সম্পাদক অমিত মহন্ত বলেন, “ভোগ বিলির সময় যে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা দুঃখিত। ভক্তদের কুপন জমা নিলেই রি-ইস্যু করা হচ্ছে। আগামী সাতদিন ভোগ বিলির ব্যবস্থা থাকবে। মায়ের রান্নাঘরের প্রতিটি ভোগই সমান পবিত্র।”

অন্যদিকে, ভক্তদেরও সুর নরম হয়েছে। ভক্ত সমীরণ সাহা বলেন, “ভোগের কুপন নিয়ে মঙ্গলবার ফিরতে হয়েছিল। পরে শুনলাম রি-ইস্যু হচ্ছে, তাই এসে ভোগ নিয়েছি। কমিটির বিনয়ী মনোভাব প্রশংসনীয়। তবে আগামী বছর থেকে ভোগ বিতরণের সময় নিয়ে একটু ভাবা দরকার।” কর্তৃপক্ষের বিনম্র মনোভাব ও দ্রুত পদক্ষেপে খুশি শহরবাসী। গাফিলতির স্বীকারোক্তি আর মায়ের ভোগের পুনর্বিতরণে ফের শান্তির আবহ ফিরেছে বুড়িমা মন্দিরে।

Related Articles