দেশ

শিক্ষা নেওয়া উচিত, এসিবির সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে খোঁচা শিব সেনা ইউবিটির

দলের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর বিসিসিআইকে প্রশ্ন, খেলাধুলার আগে আফগানিস্তান দেশকে প্রাধান্য দিতে পারলে কেন পারল না তারা।

Truth Of Bengal: আফগান-পাক সংঘাত নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। কিন্তু শুক্রবার রাতে পাক এয়ার স্ট্রাইকে আফগানিস্তানের ৩ জন তরুণ ক্রিকেটারের মৃত্যু পরিস্থিতি আরও স্পর্শকাতর করে তোলে। এসিবির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে নভেম্বরে তারা ত্রিদেশীয় সিরিজ খেলবে না, যাতে অংশ নেবে পাকিস্তান ও শ্রীলংকা। এবার এই ব্যাপারেই মোদি সরকারকে খোঁচা দিল শিব সেনা (ইউবিটি) শিবির। তারা বোঝায়, বিসিসিআই ও মোদি সরকারের শিক্ষা নেওয়া উচিত এসিবির থেকে।

দলের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর বিসিসিআইকে প্রশ্ন, খেলাধুলার আগে আফগানিস্তান দেশকে প্রাধান্য দিতে পারলে কেন পারল না তারা। সমাজমাধ্যমে তিনি লেখেন, “কাপুরুষে ভর্তি গোটা পাকিস্তান। ওরা ব্যবসা করে নিরীহদের রক্ত নিয়ে আর মার খায় যুদ্ধক্ষেত্রে গিয়ে। লজ্জা হওয়া উচিত ওদের। তবে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করল আফগান ক্রিকেট বোর্ড, ভালো লাগলো তা দেখে। হয়তো ভারত সরকার এবং বিসিসিআই শিখতে পারে এখান থেকে যে কীভাবে দেশকে প্রাধান্য দিতে হয় খেলার আগে।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে পাক এয়ার স্ট্রাইকে প্রাণ হারান আফগানিস্তানের ৩ জন তরুণ ক্রিকেটার। তাঁদের নাম নাম কবীর, সিবগতুল্লাহ এবং হারুন। এসিবির তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়, যাতে দাবি করা হয়েছে যে উরগান জেলায় ক্রিকেটারদের উপর কাপুরুষের মতো হামলা করেছে পাকিস্তান এবং বোর্ড শোকাহত ৩ জনের মৃত্যুতে ও এটি একটি অপূরণীয় ক্ষতি। দলের অধিনায়ক রাশিদ খানও এই ব্যাপারে পোস্ট করেছেন সমাজমাধ্যমে। নিন্দা করার পাশাপাশি এটিকে নৃশংস হামলা বলে উল্লেখ করেছেন।

Related Articles