বিরাট ও রোহিতের সঙ্গে আগের সম্পর্কই থাকবে : শুভমন
তারপরই জল্পনা শুরু হয়েছিল চারিদিকে, যে শুভমনের সঙ্গে দলের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট ও রোহিতের নাকি সম্পর্কের অবনতি হয়েছে।
Truth Of Bengal: রবিবার পার্থের মাটিতে প্রথম একদিনের ম্যাচে শুভমনের টিম ইন্ডিয়া মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। বর্তমানে রোহিত শর্মার পরিবর্তে মেন-ইন-ব্লুজদের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তরুণ ব্যাটার শুভমন গিল। তারপরই জল্পনা শুরু হয়েছিল চারিদিকে, যে শুভমনের সঙ্গে দলের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট ও রোহিতের নাকি সম্পর্কের অবনতি হয়েছে। এবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন স্বয়ং গিল।
এই দুই ক্রিকেটারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে গিল বলেন, ‘কারা এই কথা বলছেন আমার জানা নেই। তবে আমি জোর গলায় বলছি, বিরাট ও রোহিতভাইয়ের সঙ্গে আমার যে পুরনো সম্পর্ক ছিল সেটাই আছে। সম্পর্কের কোনওরকম অবনতি হয়নি।’
গিল আরও জানান, ‘বিরাট ও রোহিতভাই খুব সাহায্যকারী ভূমিকা পালন করেন দলের স্বার্থে। যা আমার নিজের চোখে দেখা। আমি যখনই তাঁদের কাছে কোনও পরামর্শ চেয়েছি, তাঁরা তখনই আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। এটা তো সকলেই জানেন যে, দুজনেই অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার। তাঁদের অভিজ্ঞতার ভাঁড়ার যথেষ্ট পরিপূর্ণ। এবং এই সিরিজে তাঁদের অভিজ্ঞতা আমাদের আসল সম্পদ। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হল মানুষের চিন্তা-ভাবনা জানা আমার খুব পছন্দের বিষয়। তাঁরা তাঁদের কাছ থেকে তা জেনে আমি তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই। এই সিরিজেও তার ব্যতিক্রম হবে না।’
প্রসঙ্গত, গিল ইংল্যান্ড সিরিজে প্রথম অধিনায়ক হিসেবে সিনিয়র দলের দায়িত্ব সামলেছিলেন। এবার তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজে ইংল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগবে বলেই জানান গিল।
এই সিরিজে দলকে নেতৃত্ব দিতে পেরে দারুণ আবেগপ্রবণ টিম ইন্ডিয়ার তরুণ অধিনায়ক। তিনি বলেন, ‘অতীতে আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন বিরাট, রোহিত ও ধোনির মত ক্রিকেটাররা দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শেখেছি। যেমন কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হয়। পাশাপাশি কঠিন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়াও শিখেছি তাঁদের কাছ থেকে। এবং এই অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগাতে আমি বদ্ধ পরিকর।’






