কলকাতা

অবশেষে বিদায় নিল বর্ষা, শীতের আভাস বাংলায়

একইসঙ্গে এই বছর দক্ষিণবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের সাত দিন পরে প্রবেশ করে, আবার উত্তরবঙ্গে প্রবেশ করেছে নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই।

Truth Of Bengal: দেরিতে হলেও অবশেষে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সাধারণত অক্টোবরের প্রথম দশ দিনের মধ্যেই বর্ষা বঙ্গভূমি থেকে বিদায় নেয়। কিন্তু এবছর বর্ষা তিনদিন দেরিতে বিদায় নিয়েছে। একইসঙ্গে এই বছর দক্ষিণবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের সাত দিন পরে প্রবেশ করে, আবার উত্তরবঙ্গে প্রবেশ করেছে নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই। তবে বর্ষার সময়ে বৃষ্টিপাতের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের তুলনায় এবছর দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে ১৬ শতাংশ বৃষ্টির ঘাটতি থাকলেও, দক্ষিণবঙ্গে গড় হিসেবে ৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। উল্লেখ্য, বৃষ্টির ঘাটতি যদি ১৯ শতাংশের মধ্যে থাকে, তবে তা স্বাভাবিক হিসেবেই ধরা হয়।

মঙ্গলবার কলকাতা ও আশেপাশের অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষা বিদায় নিয়েছে শুধু বাংলা থেকেই নয়, একইসঙ্গে মধ্যপ্রদেশ, বিহার এবং ছত্তিশগড়ের বড় অংশ থেকেও আগেই বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। এখন কর্নাটক, তেলেঙ্গানার কিছু অংশ এবং মহারাষ্ট্রের অধিকাংশ এলাকা থেকেও বর্ষা সরে গিয়েছে। সেইসঙ্গে গোয়া, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও সিকিম, ওড়িশার কিছু অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মৌসুমী বায়ু সোমবার থেকে সরে গেছে।

দুর্গাপুজোর পর থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বিগত কয়েকদিন ধরেই স্বাভাবিকের নিচে রয়েছে, যা বর্তমানে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। সর্বনিম্ন তাপমাত্রাও প্রায় ২৫ ডিগ্রির আশেপাশে অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ—সবত্রই এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের বেলায় রোদের তাপ অনুভূত হবে, তবে সূর্যাস্তের পর তাপমাত্রা কিছুটা নামতে শুরু করবে। যদিও শীত পুরোপুরি আসতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর, কারণ উত্তরের হাওয়ার অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

গতকাল অর্থাৎ সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ। সব মিলিয়ে এখন রাজ্যে ধীরে ধীরে শীতের পরিবেশ তৈরি হলেও, মূল শীত আসতে আরও কিছুটা সময় লাগবে।

Related Articles