বিনোদন

Konkona Sen Sharma: গতে বাঁধা ছক ভাঙছেন কঙ্কনা! ফের ক্যামেরার পিছনে অপর্ণা কন্যা!

ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের জন্য একটি কমেডি ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন কঙ্কনা।

Truth of Bengal: অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে ফের পরিচালকের আসনে বসতে চলেছেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। বরাবরই গতে বাঁধা ছকের বাইরে কাজ করা কঙ্কনা এবার একটি কমেডি ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছেন বলে খবর। যদিও অভিনেত্রী নিজে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে নারাজ, তবে তিনি নতুন কাজের ইঙ্গিত দিয়েছেন। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের জন্য একটি কমেডি ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন কঙ্কনা। জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের গোড়ার দিকে এই সিরিজের শুটিং শুরু হওয়ার কথা (Konkona Sen Sharma)।

অভিনয়ে বরাবর নিজের দক্ষতা প্রমাণ করেছেন কঙ্কনা, সম্প্রতি তাঁকে ‘মেট্রো ইন দিনো’-তে দেখা গিয়েছে। তবে মা অপর্ণা সেনের দেখানো পথেই অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সফল হয়েছেন তিনি। ২০০৭ সালে তাঁর প্রথম ছবি ডেথ ইন দ্য গুঞ্জ সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। ২০২৩ সালে নেটফ্লিক্সের সংকলন ছবি লাস্ট স্টোরিজ ২-এর একটি গল্প ‘দ্য মিরর’ পরিচালনা করেন তিনি। এই নতুন কাজ সত্যি হলে, প্রায় পাঁচ বছর পর ওয়েব সিরিজের পরিচালনায় হাত দিতে চলেছেন কঙ্কনা। এর আগে ২০২০ সালে ‘মিস শেফালী’কে নিয়ে একটি ওয়েব সিরিজ পরিচালনার কাজ শুরু করলেও নানা কারণে সেটি সম্পূর্ণ হয়নি (Konkona Sen Sharma)।

সূত্রের খবর অনুযায়ী, এই নতুন সিরিজে কঙ্কনার সঙ্গে কো-ডিরেক্টর হিসেবে কাজ করতে পারেন পরিচালক জয়দীপ সরকার। জয়দীপ এর আগে নেটফ্লিক্সের ‘ফিলস লাইক ইশক’ এবং অ্যামাজন প্রাইমের ‘রেইনবো রিশতা’ পরিচালনা করেছেন। এই প্রসঙ্গে কঙ্কনা সেনশর্মা বলেন, “আমি অফিশিয়ালি এখনও কিছু জানাতে পারব না। তবে আমি খুশি। বাকিটা সঠিক সময় জানাবো।” তাঁর এই মন্তব্যে নতুন কাজের ঘোষণার উত্তেজনা আরও বাড়িয়ে দিল। অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরিচালিকা কঙ্কনার আনুষ্ঠানিক ঘোষণার জন্য (Konkona Sen Sharma)।

Related Articles