আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা পাকা করল ঘানা
এর আগে এই মহাদেশ থেকে আগেই বিশ্বকাপের মূল মঞ্চে খেলার জন্য টিকিট আদায় করে নিয়েছিল মিসর, আলজেরিয়া, মরোক্কো ও তিউনেসিয়া।
Truth Of Bengal: আগামী ২০২৬ সালে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবলের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আসরে আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপের মঞ্চে জায়গা পাকা করে ফেলল ঘানা। এর আগে এই মহাদেশ থেকে আগেই বিশ্বকাপের মূল মঞ্চে খেলার জন্য টিকিট আদায় করে নিয়েছিল মিসর, আলজেরিয়া, মরোক্কো ও তিউনেসিয়া। তবে আগের দেশগুলি উত্তর আফ্রিকার হলেও পশ্চিম আফ্রিকা থেকে একমাত্র ঘানাই আদায় করে নিয়েছে আগামী বিশ্বকাপের মূল মঞ্চে খেলার।
গত রবিবার বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ঘানার প্রতিপক্ষ ছিল কোমোরোস। সেই ম্যাচে ১-০ গোলে জয় হাসিল করেই বিশ্ব ফুটবলের মহারণের মূল মঞ্চে লড়াইয়ের ছাড়পত্র পেয়ে যায় ‘ব্ল্যাক স্টার্স’ খ্যাত দলটি। ঘানার হয়ে ম্যাচের ৪৭ মিনিটে জয়সূচক গোলটি করেন এম কুদুস।
এই ম্যাচ জিতে গ্রুপ আই-তে ঘানা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই থাকল। তাদের সংগ্রহ ১০ ম্যাচে ২৫ পয়েন্ট। ঘানা ছাড়াও বিশ্বকাপের মূল মঞ্চে যাওয়ার এই লড়াইয়ে ছিল পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানে থাকা মাদাগাস্করও। কিন্তু গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে গেলে রবিবার মাদাগাস্কারকেও জয় পেতে হত মালির বিপক্ষে। উল্টে ৪-১ গোলে ম্যাচ হেরে এবারের মত বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা ত্যাগ করতে হল মাদাগাস্কারকে।



