প্রতিশোধ তালিবান বাহিনীর! ডুরান্ড লাইনে নিহত একাধিক পাক সেনা
আরও অনেক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে।
Truth Of Bengal: গত বৃহস্পতিবার এক ভয়াবহ হামলার সাক্ষী হয়েছিল গোটা কাবুল। বিস্ফোরণে কেঁপে উঠেছিল আফগানিস্তানের রাজরানী। এবার এর বদলা নিল আফগানিস্তান। হামলার প্রতিশোধ নিতে শনিবার রাতে পাক-আফগান সীমান্ত ডুরান্ড লাইনে পাল্টা হামলা চালানো হয়। এই পর্যন্ত ১২ জন পাক সেনা প্রাণ হারিয়েছেন বলে খবর। পাশাপাশি, আহতের সংখ্যাও একাধিক। আরও অনেক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে।
তাদের দাবি, পাক সেনাবাহিনীর বেশ কয়েকটি সীমান্ত চৌকি দখল করে নিয়েছে তালিবান বাহিনী, যার মধ্যে রয়েছে কুনার এবং হেলমান্দ প্রদেশের এলাকাগুলিও। একাধিক সামরিক যানবাহন ও অস্ত্র নষ্ট করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আরও জানা গিয়েছে যে গুলির লড়াই চলেছে বাহরামচা জেলার শাকিজ, বিবি জানি এবং সালেহান এলাকা ও পাকতিয়ার আরয়ুব জাজি জেলায়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভারতে আসেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং সেদিনই ভয়ংকর বিস্ফোরণ হয় কাবুলে মাঝরাতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে আকাশে বিমানের আওয়াজ এর পরই শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। শুধু তাই নয়, গুলির আওয়াজও শোনা গিয়েছিল বলে দাবি করা হয়েছিল। তালিবান সরকারের এক মুখপাত্র সকলকে চিন্তিত না হতে বলেছিলেন। অন্যদিকে, আফগান মিডিয়ার সূত্র মারফত জানা যায় যে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ লুকিয়ে রয়েছে সন্দেহে হামলা চালানো হয় এক কম্পাউন্ড লক্ষ্য করে। অভিযোগের আঙ্গুল ওঠে পাকিস্তানের দিকে কারণ তার একদিন আগে সংসদে দাঁড়িয়ে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ।






