রাজ্যের খবর

ঘর লিখে দেওয়ায় ক্ষোভ! বাবার মাথায় গ্যাস সিলিন্ডার মেরে খুন, গ্রেফতার ছেলে

পরিবার এবং অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে।

হুগলি, রাকেশ চক্রবর্তী: পারিবারিক বিবাদের জেরে বাবাকে খুন করল ছেলে! বৃহস্পতিবার সন্ধ্যায় হুগলির পান্ডুয়া উপজেলার সাতঘরিয়ায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। নিহতের নাম শেখ বসির, বয়স ৬৪ বছর।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শেখ বসির তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। তাদের বড় ছেলে কয়েক দিন আগে মারা গিয়েছিলেন। শেখ বসিরের বাড়ির এক অংশে থাকতেন তাঁর বড় বৌমা ফরিদা বিবি ও তার দুই সন্তান। ফরিদা বিবি শ্বশুর-শাশুড়ির জন্য রান্না করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রান্নাঘরে কাজ করছিলেন। ছোট ছেলে শেখ মহসিন, যিনি পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কর্মরত ছিলেন, বাড়িতে ফিরে আসেন। মদ্যপ অবস্থায় তিনি সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বচসা শুরু করেন। মহসিন দাবি করেন, বাড়িটি তার নামে লিখে দিতে হবে। বাবার অমত পেয়ে তিনি রান্নাঘর থেকে পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার তুলে বাবার মাথায় আঘাত করেন।

স্থানীয়রা জানান, আঘাতের পর শেখ বসির লুটিয়ে পড়েন। তার কান ও নাক থেকে রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সহায়তায় আহতকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত শেখ মহসিনকে গ্রেফতার করেছে এবং গ্যাস সিলিন্ডারটি উদ্ধার করেছে। ফরিদা বিবি জানিয়েছেন, ছোট দেওর মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করেছিল এবং বাড়ি তার নামে লিখে দিতে চাপ দিচ্ছিল।

পুলিশ জানিয়েছে, বাবার সঙ্গে ছেলের মধ্যে গন্ডগোল ও মারামারির জেরেই এই দুর্ঘটনা ঘটে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার এবং অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে।

Related Articles