দেশ

Coldref Syrup: ‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে একের পর এক শিশুমৃত্যু! CBI তদন্তের দাবিতে মামলা সুপ্রিম কোর্টে

এই মর্মান্তিক পরিস্থিতিতে মঙ্গলবার সিরাপ-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি।

Truth of Bengal: ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। এই মর্মান্তিক পরিস্থিতিতে মঙ্গলবার সিরাপ-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি।মামলাকারীর প্রধান দাবি, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। পাশাপাশি, তিনি দাবি করেছেন — ‘কোল্ডরিফ’ সিরাপটি অবিলম্বে দেশব্যাপী নিষিদ্ধ করা হোক এবং ওষুধটির সমস্ত ব্যাচ বাজার থেকে প্রত্যাহার করা হোক (Coldref Syrup)।

তিওয়ারির বক্তব্য, কীভাবে এই নিম্নমানের ওষুধের অনুমোদন দেওয়া হয়েছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের বিপর্যয় আর না ঘটে, সে জন্য কেন্দ্র সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে হবে আদালতকে। তাঁর প্রস্তাব, তদন্তের জন্য কেন্দ্রের উচিত হবে জাতীয় বিচার বিভাগীয় কমিশন বা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা, যাতে ফার্মাকোলজি, টক্সিকোলজি ও ওষুধ বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন।পিটিশনে আরও দাবি করা হয়েছে, বিষাক্ত সিরাপের কারণে বিভিন্ন রাজ্যে শিশুমৃত্যুর ঘটনায় দায়ের হওয়া সব এফআইআর ও তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক, এবং তদন্তটি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে পরিচালিত হোক, যাতে প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ হয় (Coldref Syrup)।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলা ও রাজস্থানের সিকার এলাকায় ‘কোল্ডরিফ’ সিরাপ খাওয়ার পর একের পর এক শিশু মারা যাচ্ছে। প্রথমে সামান্য জ্বর হলেও পরে কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছে তাদের। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন নির্দেশ দিয়েছে — জ্বর দেখা দিলে শিশুদের অন্তত ৬ ঘণ্টা নজরদারিতে হাসপাতালে রাখা হবে এবং প্রয়োজন হলে জেলা হাসপাতালে স্থানান্তর করা হবে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ‘কোল্ডরিফ’। মধ্যপ্রদেশে এক চিকিৎসককেও গ্রেপ্তার করেছে পুলিশ।ফরেন্সিক পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে রয়েছে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল, যা একটি বিষাক্ত রাসায়নিক এবং অল্প পরিমাণে গ্রহণ করলেও কিডনি বিকল হয়ে মৃত্যু ঘটতে পারে।এই ভয়াবহ পরিস্থিতিতেই ‘কোল্ডরিফ’ সিরাপ-কাণ্ড গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত, যেখানে এখন নজর থাকবে আদালত এই জনস্বার্থ মামলায় কী নির্দেশ দেয় (Coldref Syrup)।

Related Articles