জয়পুর হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত অন্তত সাত
সূত্রের খবর, হাসপাতালের ট্রমা আইসিইউতেই প্রথম আগুন লাগে, এরপর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে অন্যান্য ওয়ার্ডে।
Truth Of Bengal: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল জয়পুরের সোয়াই মান সিং হাসপাতাল। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাতজন রোগীর, আশঙ্কাজনক আরও কয়েকজন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, হাসপাতালের ট্রমা আইসিইউতেই প্রথম আগুন লাগে, এরপর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে অন্যান্য ওয়ার্ডে। আগুনের তীব্রতায় গোটা ভবন কালো ধোঁয়ায় ঢেকে যায়।(Jaipur)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো ধোঁয়ায় চারপাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে কিছুই দেখা যাচ্ছিল না। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় রোগী ও আত্মীয়দের মধ্যে। অভিযোগ, ভয়াবহ আগুনের পর হাসপাতালের কর্মীরা পালিয়ে যায়, কেউ সাহায্যে এগিয়ে আসেননি। বাধ্য হয়ে আত্মীয়রাই উদ্ধারকাজে নেমে পড়েন।(Jaipur)
জানা গিয়েছে, ঘটনার সময় হাসপাতালে দুশোরও বেশি রোগী ছিলেন, চারটি আইসিইউর প্রতিটিতেই প্রায় ৪০ জন রোগী ভর্তি ছিলেন। অনেক রোগীই কোমায় থাকায় নিজেরা নড়াচড়া পর্যন্ত করতে পারেননি। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।(Jaipur)
ট্রমা সেন্টার ইন-চার্জ অনুরাগ ধাকড় জানান, “ঘটনার পরই দ্রুত রোগীদের স্থানান্তর করা হয়। এখনও পর্যন্ত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।” অন্যদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। ভয়াবহ এই ঘটনায় গোটা জয়পুরে নেমে এসেছে শোকের ছায়া।(Jaipur)






