উত্তাল ইজরায়েল, উঠছে যুদ্ধবিরতির সঙ্গে পণবন্দি মুক্তির দাবি
তাঁদের অভিযোগ, নেতানিয়াহু বারবার বন্দি ইজরায়েলিদের দ্রুত ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি।
Truth Of Bengal: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ক্রমশই আস্থা হারাচ্ছেন দেশের মানুষ। হামাসের হাতে বন্দি ইজরায়েলিদের মুক্তি নিয়ে অনিশ্চয়তা, যুদ্ধবিরতি না হওয়া এবং গাজা উপত্যকায় ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির কারণে রাজধানী তেল আভিভের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসেন বিক্ষোভে। বিক্ষোভকারীদের মূল দাবি— হামাসের সঙ্গে দ্রুত শান্তিচুক্তি করে যুদ্ধের অবসান ঘটানো এবং বন্দিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা। তাঁদের অভিযোগ, নেতানিয়াহু বারবার বন্দি ইজরায়েলিদের দ্রুত ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকে বলেছেন, ‘ আমরা যুদ্ধ চাই না, শুধু আমাদের প্রিয়জনদের ফিরে পেতে চাই। নেতানিয়াহুর প্রতি এখন আর আস্থা নেই।‘ এমনকি অনেকেই দাবি করেছেন, বর্তমান সংকটে তাঁদের নেতানিয়াহুর চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরই বেশি ভরসা রয়েছে।একজন বিক্ষোভকারী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ আমরা জানি ট্রাম্পই এখন একমাত্র নেতা যিনি হামাস ও ইজরায়েল—দু’পক্ষকেই আলোচনার টেবিলে আনতে পারবেন। নেতানিয়াহু কেবল সময় নষ্ট করছেন।‘
উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ইজরায়েল-হামাস সংঘাত থামাতে ২০ দফা শান্তি প্রস্তাব পেশ করেছেন। প্রস্তাবে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি, পণবন্দিদের বিনিময় এবং মানবিক সাহায্য পুনরায় চালুর কথা বলা হয়েছে। ইজরায়েল ইতিমধ্যেই সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। শুরুতে অনীহা দেখালেও, পরে হামাসও ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বলে সূত্রের খবর।এই প্রেক্ষাপটে, বন্দিমুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনা করতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাই ও উপদেষ্টা জ্যারেড কুশনার ইতিমধ্যেই মিশরের উদ্দেশে রওনা দিয়েছেন।
রবিবারই কায়রোতে ইজরায়েল ও হামাস প্রতিনিধিদের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।পর্যবেক্ষকদের মতে, তেল আভিভের রাস্তায় এই ব্যাপক বিক্ষোভ প্রমাণ করছে— ইজরায়েলিদের এক বড় অংশ এখন আর নেতানিয়াহুর নেতৃত্বে বিশ্বাস রাখতে পারছেন না। যুদ্ধের ক্লান্তি, অর্থনৈতিক বিপর্যয় ও পণবন্দিদের অনিশ্চিত ভবিষ্যৎ— সব মিলিয়ে ইজরায়েলের রাজনীতিতে তৈরি হয়েছে অস্থিরতা ও ক্ষোভের আবহ।






