Train Accident in Purnia: বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা! পূর্ণিয়ায় রেললাইনের কাছে মৃত ৪, আশঙ্কাজনক আরও ২
আহতদের ভর্তি করা হয়েছে পূর্ণিয়ার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে।রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৪টা ৩০ মিনিট নাগাদ পূর্ণিয়ার যবনপুর রেলক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।
Truth of Bengal: বিহারের পূর্ণিয়ায় শুক্রবার ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। জোগবানি–দানাপুর বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত চার জন যুবকের।গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের ভর্তি করা হয়েছে পূর্ণিয়ার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে।রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৪টা ৩০ মিনিট নাগাদ পূর্ণিয়ার যবনপুর রেলক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্গা মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ওই যুবকেরা। রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে (Train Accident in Purnia)।
ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও এক জন। আহত দুই যুবকের মধ্যে এক জনের অবস্থা সংকটজনক।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। মুহূর্তের মধ্যেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পৌঁছে যায় রেলওয়ে সুরক্ষা বাহিনী ও স্থানীয় পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে পূর্ণিয়া রেল ডিভিশনের ম্যানেজার মুন্না কুমার জানান, ভোরে নির্ধারিত সময়েই বন্দে ভারত এক্সপ্রেস ঘটনাস্থল অতিক্রম করছিল (Train Accident in Purnia)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। রেলকর্মীদের গাফিলতি ছিল কি না বা ট্রেনের গতিকে উপেক্ষা করে লাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে কি না, তার তদন্ত শুরু হয়েছে। রেলপুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সব দিক খতিয়ে দেখার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, কারণ স্পষ্ট হবে দ্রুত। উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি জোগবানি–দানাপুর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর থেকেই ট্রেনটি নিয়মিত এই রুটে যাতায়াত করছে। এই দুর্ঘটনায় এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা যায়নি। ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে (Train Accident in Purnia)।






