বাগডোগরায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের, তদন্তে আরপিএফ
নিছক দূঘটনা নাকি অন্য কোন রহস্য রয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে
Truth of Bengal: ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক যুবকের।শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরার গোঁসাইপুর এলাকার ঘটনা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃত যুবকের নাম বিজয়। সে নকশালবাড়ি ব্লকের বাগডোগরার গোসাইপুর এলাকারই বাসিন্দা। স্থানীয়রা প্রথমে দেখতে পান ট্রেন লাইনে কাটা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও রেল পুলিশকে।
যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার প্রায় এক ঘণ্টা কেটে গেলেও দেহ উদ্ধার বা পরিস্থিতি সামাল দিতে দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দেহ পড়ে থাকার মধ্যেই ওই লাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল। গেটম্যানকে বিষয়টি জানানো হলেও শুরুতে কোনও সাড়া মেলেনি। পরে এলাকাবাসীরা প্রতিবাদ জানালে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরা ঘটনাস্থলে আসেন। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় আরপিএফ।
কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে আরপিএফ। পাশাপাশি স্থানীয়দের দাবি কিভাবে ওই যুবকের মৃত্যু হল তা গোটা ঘটনার তদন্ত করে দেখুক প্রশাসনের আধিকারিকরা।নিছক দূঘটনা নাকি অন্য কোন রহস্য রয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।






